আগের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচন নিয়ে ইতিবাচক কথা বলেছিলেন লুৎফর রহমান বাদল। কিন্তু তার কয়েক ঘণ্টা পরই নির্বাচন থেকে ইউটার্ন নিলেন এই কর্মকর্তা।
শুক্রবার (৪ অক্টোবর) মধ্যরাতে তার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হলো, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন লেজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের চেয়ারম্যান।
যদিও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পেরিয়ে গেছে গত বুধবার দুপুরেই। এখন কাগজে-কলমে তাই নামটি থাকবেই। তবে নির্বাচনে তার অংশগ্রহণ থাকছে না।
বাদল চিঠিতে বলেছেন, ‘আমি লুৎফর রহমান বাদল, লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান, আসন্ন বিসিবি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। এখানে কারও দিকে আঙুল তুলছি না। তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি কখনও অনুকূলে থাকলে সবাইকে জানাবো, কেন এবং কী কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।’
এরপর যোগ করেন, ‘কাঁদা ছোড়ার দিকে আমি যেতে চাই না। যারা এই নির্বাচনে জয়ী হয়ে পরিচালক হচ্ছেন, তাদের প্রতি শুভকামনা। তবে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, একাধিক প্যানেলে নির্বাচনটা হলে সেটা মাইলফলক হয়ে থাকতো। যারা পুরো সময় আমার পাশে ছিলেন, তাদের ধন্যবাদ।’
লুৎফর রহমান বাদল সরে দাঁড়ানোয় ক্যাটাগরি-২ বা ক্লাব প্রতিনিধি হিসেবে ১২টি পরিচালক পদে লড়াইয়ে থাকলেন আর ১৫ প্রার্থী।