এরই মধ্যে আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়ে যাওয়ার কথা। এর আগ থেকে মিরপুরের বিসিবি কার্যালয়ে প্রার্থীদের পোস্টারিং কম হয়নি। তবে যতই পোস্টারিং হোক না কেন, নির্বাচনের আমেজ যে অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। একের পর এক প্রার্থীর প্রত্যাহারে নির্বাচনে কারা জিততে যাচ্ছেন তা অনেকের কাছেই সহজেই অনুমেয়।
সবশেষ গভীর রাতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আরও এক প্রার্থী। ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে সরে গিয়েছেন ফাইজুর রহমান ভূঁইয়া।
এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতামূলক ও প্রাণবন্ত নির্বাচনের পরিবেশ না থাকায় ক্রিকেটের সুস্থ নির্বাচনি সংস্কৃতি এবং অংশগ্রহণমূলক গণতান্ত্রিক পন্থা পুনঃস্থাপনের লক্ষ্যে বিসিবি নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মোহাম্মদ ফায়জুর রহমান ভূঁইয়া।
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। বোর্ড পরিচালক নির্বাচনের প্রাথমিক ফল প্রকাশ হবে সন্ধ্যা ৬টায়। এর পরপরই পরিচালনা পর্ষদের সভায় নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি ও দুজন সহ-সভাপতি। সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফল ঘোষণা হওয়ার কথা রাত ৯টায়।
jwARI.fetch( $( "#ari-image-jw68e34a4740b36" ) );
গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি থেকে বিসিবির সাধারণ পরিষদের ১৯২ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হন ২৫ জন পরিচালক। নরসিংদী জেলা থেকে কেউ না থাকায় এবার কাউন্সিলর ১৯১ জন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা মিলিয়ে ক্যাটাগরি-১ এর ৭১ জন কাউন্সিলর নিজ নিজ বিভাগ থেকে নির্বাচিত করেন মোট ১০ জন পরিচালক। ঢাকার ৭৬টি ক্লাবের কাউন্সিলের ভোটে ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হন ১২ পরিচালক। ক্যাটাগরি-৩ এ সাবেক ক্রিকেটার ও অধিনায়ক, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সংস্থার ৪৫ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হন একজন পরিচালক। বাকি দুজন পরিচালক আসেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে। এই ২৫ জন পরিচালক প্রথম বোর্ড সভায় সভাপতি ও সহসভাপতি নির্বাচন করেন।
কাউন্সিলর ১৯১ জন হলেও পাঁচটি বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে যাওয়ায় আজ ভোট দেবেন ১৫৬ জন। তবে ভোটে শেষ পর্যন্ত কতজন ভোটার হাজির হন তা দেখার। আগেই ঢাকার ৪৮ ক্লাব নির্বাচন বর্জন করেছে।
ভোটের আগেই জেলা ও বিভাগের ১০ জন পরিচালকের মধ্যে ছয় জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন– খুলনা থেকে আবদুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, সিলেট থেকে রাহাত সামস্, বরিশাল থেকে শাখাওয়াত হোসেন এবং চট্টগ্রাম থেকে সংগীতশিল্পী আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী। আমিনুল ইসলাম বুলবুল ও নাজমূল আবেদীন ফাহিম যোগ হওয়ার অপেক্ষায়। ক্যাটাগরি-১ এর ১০ পরিচালকের আট জনই হবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।
ক্যাটাগরি-৩ এর একটি পরিচালক পদের জন্য লড়াই হতে যাচ্ছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পালের মধ্যে একজন নির্বাচিত হবেন। এই ক্যাটাগরির আরেক প্রার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দীন মো. আলমগীর আগেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
ঢাকার ক্লাবগুলো নিয়ে গঠিত ক্যাটাগরি-২ এর ১২টি পদের জন্য ব্যালটে নাম থাকবে ১৭ জন প্রার্থীর। তবে লুৎফর রহমান, মেজর (অব.) ইমরোজ আহমেদ ও ফাইজুর রহমানক সরে দাঁড়ানোয় প্রার্থীর সংখ্যাটা কার্যত ১৪ জন।
প্রহসনের নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুল এখন টি টোয়েন্টি থেকে টেস্ট খেলার অপেক্ষায়। সেটাই রাতে ঘোষণা বাকি।