বিসিবি প্রেসিডেন্ট হলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন তামিম 

বিসিবি প্রেসিডেন্ট হলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন তামিম 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা আগেই দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার জানালেন নির্বাচনে জয়ী হলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি।

তামিম বলেন, ‘বোর্ড পরিচালক হলে আমি আর খেলব না। আমার মনে হয় না এটা ভালো দেখাবে। যদি নির্বাচিত হই, তাহলে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানব। তবে নির্বাচিত না হলে বিপিএলসহ ক্রিকেট নিয়েই থাকব। ’

আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন, যেখানে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও প্রার্থী হবেন। ইতোমধ্যেই বিসিবি তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার, তার সঙ্গে আছেন সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক।  

তফসিল অনুযায়ী ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা, ২২-২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ২৫ সেপ্টেম্বর জমার শেষ দিন, ২৬ সেপ্টেম্বর প্রার্থী তালিকা প্রকাশ, ২৮ সেপ্টেম্বর প্রার্থী প্রত্যাহারের শেষ সময় ও পোস্টাল ও ই-ব্যালট বিতরণ হবে। ৪ অক্টোবর ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফল এবং ৫ অক্টোবর চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।  

২৫ পরিচালকের ভোটে বিসিবির সভাপতি নির্বাচিত হবেন। যার মধ্যে বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০, ক্লাব প্রতিনিধিদের থেকে ১২, সাবেক অধিনায়ক বা প্রতিষ্ঠানের প্রতিনিধি থেকে ১ এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ জন থাকবেন।

তবে এবার নির্বাচন করছেন না সাবেক পরিচালক আকরাম খান ও মাহবুব আনাম। তামিমের সরাসরি অংশগ্রহণে এবারের বিসিবি নির্বাচনকে ঘিরে ক্রিকেট মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

এফবি/আরইউ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin