বিসিবির পরিচালক পদে প্রার্থী হলেন যাঁরা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন কারা

বিসিবির পরিচালক পদে প্রার্থী হলেন যাঁরা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন কারা

যাচাই-বাছাই ও শুনানি শেষে বিসিবির নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ছিল ৫০ জনের। সেখান থেকে আজ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১৬ জন। অর্থাৎ ৬ অক্টোবরের নির্বাচনে ২৫টি পরিচালক পদের জন্য ৩টি ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নেবেন ৩৪ প্রার্থী।

আজ মনোনয়নপত্র প্রত্যাহার শেষে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা ড. শেখ জুবায়েদ হাসান বলেছেন, ‘তিনটি ক্যাটাগরিতে মোট ১৬টি মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন জমা পড়েছে। সেই মোতাবেক আমরা প্রার্থী তালিকা চূড়ান্ত করেছি।’ মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা ‘ব্যক্তিগত কারণে’ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন তিনি।

নির্বাচনে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে বেশির ভাগ প্রার্থিতা প্রত্যাহার হয়েছে ঢাকার ক্লাবগুলোকে নিয়ে গঠিত ক্যাটাগরি-২–এ। এই ক্যাটাগরির ৩০ প্রার্থীর মধ্যে ১৩ জনই আজ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আদালতের নিষেধাজ্ঞার কারণে ১৫টি বিতর্কিত ক্লাবের একটি ভাইকিংস ক্রিকেট একাডেমির ইফতেখার রহমানও নির্বাচন করতে পারবেন না।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘যে নির্দেশনা ছিল (১৫টি ক্লাবের ব্যাপারে), সেখান থেকে একজন প্রার্থী প্রত্যাহার করেছেন। আরেকজনের ক্ষেত্রে আদালত যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা ওইভাবে ব্যবস্থা গ্রহণ করেছি।’ এ ক্যাটাগরিতে ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। এই ১২টি পদের জন্য এখন প্রার্থী মাত্র ১৬ জন।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা নিয়ে গঠিত ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত হবেন মোট ১০ জন পরিচালক। এই ক্যাটাগরিতে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আসা ৭১ জন কাউন্সিলরই ভোটার হওয়ার কথা থাকলেও নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা থেকে কোনো কাউন্সিলর না থাকায় ভোটার এখন ৭০ জন।

তবে এই ভোটাররা ভোট দেবেন শুধু নিজ নিজ বিভাগ থেকে পরিচালক নির্বাচনে। অভিযোগ আছে, এই ক্যাটাগরিতে বেশির ভাগ কাউন্সিলরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পছন্দে মনোনীত হয়েছেন, বিসিবির নির্বাচনে যিনি বর্তমান সভাপতি আমিনুল ইসলামকে সমর্থন দিচ্ছেন।

জেলা-বিভাগের ক্যাটাগরিতে ১০ পরিচালকের ৬ জনই অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।

প্রতিদ্বন্দ্বী না থাকায় খুলনা বিভাগ থেকে আগেই পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক আবদুর রাজ্জাক এবং জুলফিকার আলী খান। বরিশাল থেকে শাখাওয়াত হোসেন এবং সিলেটের রাহাত সামসও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন।

আজ চট্টগ্রাম ও রাজশাহী থেকে একটি করে মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে। তাতে চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী।

ক্যাটাগরি-১–এ নির্বাচন হবে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে। ঢাকা থেকে তিন প্রার্থী বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, নাজমূল আবেদীন ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানের মধ্যে ঢাকা বিভাগের কাউন্সিলরদের ভোটে পরিচালক নির্বাচিত হবেন দুজন। এ ছাড়া রাজশাহী ও রংপুরের তিনজন করে প্রার্থীর মধ্য থেকে নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন দুজন পরিচালক।

সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে ক্যাটাগরি-৩–এ মোট ভোটার ৪৫ জন। তাঁদের ভোটে নির্বাচিত হবেন একজন পরিচালক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মো. আলমগীর মনোনয়নপত্র প্রত্যাহার করায় এই ক্যাটাগরিতে প্রার্থী আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল ও সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ।

৬ অক্টোবরের বিসিবি নির্বাচনে ২৫টি পরিচালক পদের জন্য ৩টি ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নেবেন ৩৪ প্রার্থী।

Comments

0 total

Be the first to comment.

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা Prothomalo | ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬...

Sep 13, 2025

More from this User

View all posts by admin