বিসিবিতে নতুন ইনিংসের অভিজ্ঞতা জানালেন পাইলট

বিসিবিতে নতুন ইনিংসের অভিজ্ঞতা জানালেন পাইলট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক হিসেবে প্রথম বোর্ড সভায় অংশ নিলেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। মঙ্গলবার অনুষ্ঠিত এই সভার পর সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি ও পরিকল্পনা তুলে ধরেন তিনি।

পাইলট বলেন, ‘খেলার ভাষায় বললে আজ আমার জন্য একদম নতুন একটা ইনিংসের শুরু। গতকাল সারারাত ঘুমাতে পারিনি, অনেক চিন্তা হচ্ছিল। কী হবে, কীভাবে হবে। তবে আলহামদুলিল্লাহ, সব ঠিকঠাক হয়েছে। এটা আমার প্রথম দিন, জুলাইয়ের পর বোর্ডে বসা হলো, বেশ সুন্দর একটা অনুভূতি। ’

তিনি আরও বলেন, ‘আজ মূলত অবজারভেশন করছিলাম- প্রেসিডেন্ট, সিনিয়র সদস্যরা কী বলছেন, কার কী অভিজ্ঞতা। যারা অনেক দিন ধরে কাজ করছেন, তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছি। আমার কাছে মনে হয়েছে যেমন ব্যাটিংয়ে শুরুটা গুরুত্বপূর্ণ, তেমনি বোর্ডের কাজেও প্রথমে বুঝে নেওয়াটাই দরকার। ’

নিজের দায়িত্ব ও দৃষ্টিভঙ্গি নিয়ে পাইলট বলেন, ‘আমরা যারা আছি- আমি, রাজ্জাক, তরুণ ও সিনিয়র সবাই-আমাদের একসঙ্গে কাজ করতে হবে। দেশের ক্রিকেটে এখনো অনেক জায়গায় ঘাটতি আছে। আমি মনে করি, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন কিছু করার। তাই ন্যায়নীতি ও শেখা থেকে যা জেনেছি, সেটাই কাজে লাগাতে চাই। আমাদের তরুণ প্রজন্মের জন্য কাজ করাই হবে মূল লক্ষ্য। ’

বোর্ডের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয়ও জানান তিনি। পাইলট বলেন, ‘বিভিন্ন জেলা, ক্লাব, কাউন্সিলর- সবাই মিলে কাজ করতে হবে। সবাই যদি ক্রিকেটের উন্নয়নের জন্য ভাবি, তাহলে দেশও ভালো খেলবে, আমরাও ভালো করব। ’

অবশেষে তিনি যোগ করেন, ‘আমাদের নেওয়ার কিছু নেই, বরং দেওয়ার অনেক কিছু আছে। দেখি, সবাই মিলে ভালো কিছু করতে পারি কি না। ’

এফবি/আরইউ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin