বিসিএস পরীক্ষা: সেনানিবাস এলাকার কেন্দ্রে প্রবেশে বিশেষ নির্দেশনা

বিসিএস পরীক্ষা: সেনানিবাস এলাকার কেন্দ্রে প্রবেশে বিশেষ নির্দেশনা

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত কয়েকটি কেন্দ্রে অংশ নেবেন বিপুলসংখ্যক পরীক্ষার্থী। সেনানিবাসের নিরাপত্তা বিঘ্নিত না করতে ওই তিনটি পরীক্ষাকেন্দ্রে প্রবেশের জন্য আলাদা গেট ব্যবহারের নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনানিবাস এলাকায় অবস্থিত ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এবং মুসলিম মডার্ন একাডেমিতে অনুষ্ঠিতব্য পরীক্ষার সময় পরীক্ষার্থীদের নির্দিষ্ট গেট দিয়ে প্রবেশ করতে হবে।

এতে আরও বলা হয়, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের পরীক্ষার্থীরা মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (এমইএস) গেট অথবা ইসিবি সংলগ্ন পকেট গেট ব্যবহার করবেন। আর মুসলিম মডার্ন একাডেমির পরীক্ষার্থীরা কচুক্ষেত সংলগ্ন এমইএস কনভেনশন হলের পাশের পকেট গেট দিয়ে প্রবেশ করবেন।

পিএসসির পক্ষ থেকে পরীক্ষার্থীদের নির্দিষ্ট প্রবেশপথ ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে, যেন পরীক্ষার দিন সেনানিবাস এলাকায় কোনো ধরনের নিরাপত্তাজনিত সমস্যা তৈরি না হয়।

পিএসসি সূত্র জানায়, ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের ২৫৬ কেন্দ্রে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। এতে অংশ নেবেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

এদিকে, রাজধানীর বাইরেও রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ শহরে পরীক্ষার কেন্দ্র রয়েছে।

পিএসসির পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না।

পরীক্ষার্থীদের হলের নাম ও কক্ষ নম্বর আগে এসএমএসের মাধ্যমে তাদের মোবাইল নম্বরে পাঠানো হবে। পরীক্ষার হলে প্রবেশের সময় পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

প্রবেশপত্রে উল্লিখিত তথ্য ও ছবির সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর যাচাই করা হবে। কোনো গরমিল পাওয়া গেলে প্রার্থিতা বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নপত্র ও উত্তরপত্রে ৪টি সেট থাকবে। পরীক্ষার্থী যে সেট নম্বরের উত্তরপত্র পাবেন, তাকে সেই সেট নম্বরের প্রশ্নপত্র দেওয়া হবে।

বিসিএসের প্রিলির প্রশ্নপত্রে মোট ২০০টি এমসিকিউ থাকবে। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর ও প্রতিটি ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময়সীমা দুই ঘণ্টা। পরীক্ষার্থীরা পরীক্ষা চলাকালে কক্ষ ত্যাগ করতে পারবেন না।

প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। প্রবেশপত্র হারিয়ে গেলে কমিশনের ওয়েবসাইট থেকে নতুন করে ডাউনলোড করে নেওয়া যাবে।

বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্যাগ, গহনা ও সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে আনা যাবে না। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে।

কোনো পরীক্ষার্থী এ ধরনের নিষিদ্ধ সামগ্রীসহ হলে প্রবেশ করলে কিংবা নকলের সঙ্গে জড়িত থাকলে তার প্রার্থিতা বাতিল হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত বছরের ১০ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা শেষ হয় ৩১ ডিসেম্বর। ১ নভেম্বর ২০২৪ তারিখে যেসব প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে ছিল, এমন প্রার্থীরা আবেদনের সুযোগ পেয়েছেন।

৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

এএএইচ/ইএ

Comments

0 total

Be the first to comment.

৪৭তম বিসিএসের প্রিলি শুরু Jagonews | শিক্ষা

৪৭তম বিসিএসের প্রিলি শুরু

চাকরিপ্রত্যাশীদের বহুল আকাঙ্ক্ষিত পরীক্ষা বিসিএস। এই পরীক্ষার মধ্য দিয়ে দেশের বহু গ্র্যাজুয়েট প্রথম...

Sep 19, 2025

More from this User

View all posts by admin