বিয়েবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-টাকা লুট

বিয়েবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-টাকা লুট

চট্টগ্রামের মীরসরাইয়ের একটি বিয়েবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজীশ্বরাই গ্রামে প্রবাসী আবদুল মান্নান ভূঁইয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আবদুল মান্নানের মেয়ের বিয়ে উপলক্ষে শুক্রবার দুপুরে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টার দিকে কনেকে নিয়ে যায় বরপক্ষ। বিয়ে উপলক্ষে মান্নানের বাড়িতে আসা বেশির ভাগ অতিথি সন্ধ্যার পর বিদায় নিলেও কয়েকজন রাতে ছিলেন। রাত ৩টার দিকে মান্নানের দ্বিতল ঘরটির সদর দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে ডাকাত দল। এরপর পরিবারের সদস্য ও অতিথিদের বেঁধে রেখে তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়।

আবদুল মান্নানের স্ত্রী রোজিনা আক্তারের ভাই ও স্থানীয় ইউপি সদস্য নুরুল আনোয়ার বলেন, ‘ডাকাত দল কমপক্ষে ১৫ ভরি স্বর্ণালংকার এবং ঘরে থাকা এক লাখ টাকা নিয়ে গেছে। এই ঘটনার পর বাড়ির লোকজন আতঙ্কে রয়েছেন। শনিবার বরপক্ষ বউভাত অনুষ্ঠানের আয়োজন করলেও সেখানে মেয়ের পরিবারের কেউ যেতে পারছেন না।’

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘রাতে যে বাড়িতে ডাকাতি হয়েছে, তার আশপাশেই আমাদের টহল টিম ও স্থানীয় গ্রাম পাহারাদার ছিল। খবর পেয়ে আমরা দ্রুত সাড়া দিলেও ডাকাত দল বাড়ির পেছনের ধানক্ষেত দিয়ে পালিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘এরা মহাসড়ককেন্দ্রিক একটি ডাকাত চক্র। আশপাশের বাড়িতে ঢুকে ডাকাতি করে আবার চলে যায়। আমরা ডাকাত চক্রটিকে গ্রেফতারের চেষ্টা করছি।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin