গোপালগঞ্জের কাশিয়ানীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত রয়েছেন একজন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী।
নিহত পাঁচজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন-ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে ওবায়দুল শেখ (৪৮)। নিহতদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও একজন কন্যা শিশু রয়েছে।
ভাঙা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া জানিয়েছেন, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীতমুখী একটি ইজিবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত ও পাঁচ যাত্রী আহত হন। পরে স্থানীয় হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
আহতের অবস্থার অবনতি হলে আহত উন্নত চিকিৎসার জন্য তিনজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওবায়দুল শেখ, এক নারী ও এক শিশু মারা যায়।
হতাহতরা মাদারীপুর থেকে ইজিবাইকে করে মাঝিগাতী গ্রামে একটি বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিল বলেও তিনি জানান। ** বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
আরএ