রাজধানীতে বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃতুৗ হয়েছে। এছাড়া মগবাজারে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন রুহুল আমিন (৫০) নামে এক দিনমজুর।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বনানীর ডিওএইচএস রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই কিশোর। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত হন রুহুল আমিন।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, বনানীর ডিওএইচএস রেলগেট এলাকায় তুরাগ কমিউটার ট্রেনের দুই বগির মাঝে কাটা পড়ে অজ্ঞাত কিশোরটি দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার বয়স আনুমানিক ১৫ বছর। পড়নে ছিল সাদা পাঞ্জাবি ও নীল রঙের জিন্স প্যান্ট। ছেলেটি ভবঘুরে প্রকৃতির ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মগবাজার রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন রুহুল আমিন। তার বাড়ি ময়মনসিংহের ধুপাউরা থানার পুরাকান্দোলিয়া গ্রামে। বর্তমানে তিনি পেয়ারাবাগ মগবাজার এলাকায় বসবাস করেন। সহকর্মীরা তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।