ব্রাহ্মণবাড়িয়ায় বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন 

ব্রাহ্মণবাড়িয়ায় বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবাকে হত্যার দায়ে ছেলে জসিম মিয়াকে (৪৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া আদালতের জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।  

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ আগস্ট দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে পাট কাটা নিয়ে লিল মিয়ার (৭৫) সঙ্গে বাকবিতণ্ডা হয় ছেলে জসিম উদ্দিনের। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘর থেকে কাঠ নিয়ে এসে বাবা লিল মিয়ার মাথায় উপর্যুপরি আঘাত করেন ছেলে জসিম। এতে রক্তাক্ত হয়ে বৃদ্ধ লিল মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ছেলে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।  

মামলা তদন্তে পুলিশ জসিম উদ্দিনকে দায়ী করে ২০২৪ সালের ৩০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে মামলাটি আদালতে একই বছরের ২৭ আগস্ট একমাত্র আসামির বিরুদ্ধে আনা অভিযোগ বিচারের জন্য আমলে নেওয়া হয় এবং ২০২৪ সালের ৭ অক্টোবর আসামি জসিম উদ্দিনের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩২৩ ধারায় চার্জ গঠন করে। সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আজ বুধবার আদালত জসিমকে বাবা হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন খান এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, এই রায়ের মাধ্যমে বাদীপক্ষ ন্যায় বিচার পেলেন।  

মামলায় আসামিপক্ষের আইনজীবী নাজমুল হক রিটন এই রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ে আমরা সংক্ষুব্ধ। উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin