ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার এলাকা শহরের কলেজপাড়ায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী রেলওয়ে স্টেশনমাস্টার মো. সাকির জাহান প্রথম আলোকে বলেন, স্টেশনের আউটারে বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ইঞ্জিন মেরামত পর্যন্ত ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার সকল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাতশালা রেলওয়ে স্টেশন অতিক্রম করে। সকাল সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটার এলাকা কলেজপাড়ায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকামুখী আপলাইনে চট্টগ্রাম-ঢাকা রেলপথে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ওই ট্রেনের লোকজনই ইঞ্জিন মেরামত করা শুরু করেন। ইঞ্জিন মেরামত শেষে বেলা ১১টা ২০ মিনিটে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটার এলাকা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী রেলস্টেশন মাস্টার আশোক চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের লোকোমাস্টারসহ সংশ্লিষ্টরাই ট্রেনটির ইঞ্জিন মেরামত করেছেন। বেলা ১১টা ২০ মিনিটে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার এলাকা অতিক্রম করে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।