ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কাজে বাধা, যুবদল নেতা বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কাজে বাধা, যুবদল নেতা বহিষ্কার

পেশিশক্তি দেখিয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল জাহানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পাশাপাশি তার সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোহেল জাহান শহরের গোকর্ণঘাট এলাকার বাসিন্দা হলেও বর্তমানে পরিবার নিয়ে কাজীপাড়ায় বসবাস করছেন।

এরআগে সোমবার (১৩ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে কাজিপাড়ায় সরকারি জমির মাপে বাধা ও সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগে সোহেল জাহানকে এক দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া।

জানা যায়, শহরের কাজী মাহমুদ শাহ সড়কসংলগ্ন কাজীপাড়ার উত্তর দিকে ১ নম্বর খতিয়ানের আওতাভুক্ত ১৫ শতাংশ সরকারি জায়গায় ব্যানবেইসের (বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো) একটি প্রকল্পের ভবন নির্মাণের কাজ চলছিল। সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রফিকুল ইসলাম, জারিকারক বোরহান উদ্দিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জায়গাটি মাপজোখ করতে গেলে বাধা দেন সোহেল জাহান।

এসময় তিনি দাবি করেন, জায়গাটির একটি অংশ তার মালিকানাধীন। কর্মকর্তারা সরকারি কাজ চালিয়ে যেতে চাইলে তিনি উত্তেজিত হয়ে সার্ভেয়ারদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে জারিকারক বোরহান উদ্দিনের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বোরহান আহত হন।

আবুল হাসনাত মো. রাফি/এনএইচআর/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin