গতকাল রাতে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। তাদের এই জয়ে অবশ্য বিপদে পড়েছে আর্সেনাল। কারণ জাতীয় দলের হয়ে খেলতে নেমে বড় ধরনের ইনজুরি শঙ্কায় পড়েছেন ইংলিশ ক্লাবটির তারকা ডিফেন্ডার গাব্রিয়েল। এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার ঘণ্টা পার হতেই ডান উরুতে ব্যথা পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ চিকিৎসার পরই তাকে বদলি করে তুলে নেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচের পর আনচেলত্তি জানান, গাব্রিয়েলের অবস্থা এখনও পরিষ্কার নয়, ‘আমি জানি না ওর ইনজুরি হয়েছে কি না। ও অ্যাডাক্টরে কিছু টের পেয়েছে মনে হচ্ছে। আগামীকাল পরীক্ষা করা হবে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আশা করি, দ্রুত সুস্থ হয়ে উঠবে।’
প্রিমিয়ার লিগে আর্সেনালের মৌসুমের দুর্দান্ত শুরুতে মূল ভরসাই ছিল রক্ষণভাগ। ১১ ম্যাচে তারা হজম করেছে মাত্র পাঁচ গোল। এমন সময়ে গাব্রিয়েলকে হারালে মিকেল আর্তেতার দলের জন্য সেটা হবে বড় ধাক্কার।
ব্রাজিলের জয়ের দিনে হয়ে প্রথম গোলটি করেন চেলসির তরুণ উইঙ্গার এস্তেভাও। ফ্রি-কিক থেকে দ্বিতীয় গোলটি আসে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার কাসেমিরোর পা থেকে।