এ কোন ম্যানচেস্টার ইউনাইটেড? এতটা বাজে ম্যানইউকে কখনো কী কেউ দেখেছে? একের পর এক হারতে হারতে পুরোপুরি তলানিতে যাওয়ার মতো অবস্থা। ব্রেন্টফোর্ডের মতো দলের কাছে ৩ গোল হজম করতে হলো রেড ডেভিলসদের। শনিবার ব্রেন্টফোর্ডের মাঠে গিয়ে ৩-১ গোলে হেরে আসলো রুবেন আমোরিমের দল। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় ইউনাইটেড।
প্রথম ২০ মিনিটেই ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইগর থিয়াগো দুটি গোল করে ব্রেন্টফোর্ডকে এগিয়ে দেন। যদিও কিছুক্ষণ পরেই বেনইয়ামিন সেশকো গোল শোধ দেন, কিন্তু সেটাই হয়ে ওঠে অতিথিদের একমাত্র সান্ত্বনা।
দ্বিতীয়ার্ধে ম্যানইউর সবচেয়ে বড় সুযোগ আসে ৭৬তম মিনিটে। ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি গোলে পরিণত হতে পারত, তবে দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর কাওইমহিন কেলেহের দুর্দান্ত সেভ করে দেন।
ম্যাচের শেষ মুহূর্তে মাথিয়াস জেনসেনের দুর্দান্ত শটে জয় নিশ্চিত করে ব্রেন্টফোর্ড। ফলে ৩-১ গোলে হার নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এই হারে কোচ আমোরিমের লিগে পরিসংখ্যান দাঁড়াল ৩৩ ম্যাচে ১৭ পরাজয়।
অন্যদিকে মৌসুমে টেবিলের নিচের দিকে থাকা ব্রেন্টফোর্ডের জন্য এটি ছিল টার্নিং পয়েন্টস্বরূপ। মিডফিল্ডে জর্ডান হেন্ডারসন ও মিকেল ড্যামসগার্ডের দাপট আর থিয়াগোর ক্লিনিক্যাল ফিনিশিং পুরো দলকে আত্মবিশ্বাসী করে তোলে।
ইনজুরি ও সাসপেনশনের কারণে আমোরিমকে একাধিক পরিবর্তন আনতে হয়। দিয়োগো দায়ত, মানুয়েল উগার্তে এবং মাতেউস কুনহা একাদশে ফিরলেও জয়ের মুখ দেখা হয়নি।
ব্রেন্টফোর্ড ভক্তরা ম্যাচের শেষে স্লোগান দেন— ‘ইউ আর গেটিং স্যাকড ইন দ্য মর্নিং’—যা আমোরিমের অবস্থান আরও নাজুক করে তুলেছে।
আইএইচএস/