বৃষ্টির কারণে সড়ক মেরামত ব্যাহত হয়েছে: ডিএসসিসি প্রশাসক

বৃষ্টির কারণে সড়ক মেরামত ব্যাহত হয়েছে: ডিএসসিসি প্রশাসক

বৃষ্টির পানিতে রাস্তার সংস্কার বা মেরামত টেকসই হয় না। এ কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বিভিন্ন সড়কের মেরামত ও উন্নয়ন কিছুটা ব্যাহত হয়েছে। তবে জনদুর্ভোগ লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে এগুলো সংস্কার করা হবে।

সোমবার (৬ অক্টোবর) ডিএসসিসি পরিচালনা কমিটির ৯ম করপোরেশন সভায় সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া এসব কথা বলেন।

করপোরেশন সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব খাতভুক্ত নিয়মিত পদে নিয়োজিত স্থায়ী কর্মচারীদের জন্য অবসারপ্রাপ্ত কর্মচারী অবসর ভাতা ও অবসরজনিত সুবিধাদি পরিকল্পমালার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া সভায় ‘অবসরজনিত পেনশন ও আনুতোষিকের ক্ষেত্রে সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’ এবং ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী চাকুরি বিধিমালা, ২০১৯’ অনুযায়ী প্রস্তুত করা পরিকল্পমালা নীতিগত অনুমোদনপূর্বক চূড়ান্ত অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানোর সিদ্ধান্ত হয়।

সভায় ২০২৫-২৬ অর্থবছরে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের সড়ক খাতে বরাদ্দ করা ১৪৮ কোটি টাকার মোট ১২৭টি প্রকল্প অনুমোদন করা হয়।

এছাড়া করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের অবসরজনিত বিদায়কালীন এককালীন চার লাখ টাকা ও চাকুরিকালীন মৃত্যুতে দাফন বা সৎকারের জন্য দশ হাজার এবং পরিবারকে এককালীন তিন লাখ টাকা অনুদান প্রদান সংক্রান্ত নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়। করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধির সমন্বয়ে পরিচালনা কমিটির ২৫ জন সদস্য সভায় অংশ নেন। সভার শুরুতে গত ১১ আগস্ট অনুষ্ঠিত ৮ম করপোরেশন সভার কার্যবিবরণী দৃঢ়ীকরণ এবং বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পরে সভার আলোচ্য সূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

এমএমএ/এমকেআর/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin