বর্তমান নির্বাচন কমিশন (ইসি) শক্ত মেরুদণ্ড নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘নিবিড়ভাবে খেয়াল করেন, দশ মাস ১০ দিনের এই কমিশন শক্ত-সমর্থ মেরুদণ্ড নিয়েই কাজ করছে। কাজেই এই কমিশনের মেরুদণ্ড যদি শক্ত না হয়, কোনও কমিশনের মেরুদণ্ড কেমন হবে আমি জানি না। কমিশন কারও প্রতি অনুরাগ, বিরাগের বশবর্তী হয়ে করে নাই, করবে না।’
মালয়েশিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভার অভিজ্ঞতা তুলে ধরে এই নির্বাচন কমিশনার বলেন, ‘অনেকেই বলছেন ৭০ শতাংশের মতো ভোট পড়তে পারে।’
এ সময় নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেন, ‘জেন্ডারবান্ধব নির্বাচন করবো। নারীদের আমরা গুরুত্ব দেবো। কেননা, ওই এক দিনই কেবল নারীরা গুরুত্ব পায়। সমান অধিকার পায়।’
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করা ইসির ওপর আমানত। ইহকাল, পরকালে জবাবদিহিতা আছে। ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনও বিকল্প নাই। কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।’
জুলাই আন্দোলন পরবর্তী পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের নেতৃত্ব দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন। তারা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায়।
নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত কর্মকর্তাদের সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার, অন্য নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।