ব্র্যাক ইউনিভার্সিটি এবং স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটেটিভনেস অ্যান্ড ইনোভেশনস প্রোগ্রামের (এসআইসিআইপি) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এই সমঝোতার লক্ষ্য হলো বাংলাদেশের শিল্পখাতে দক্ষতা ও উদ্ভাবন সহায়ক পরিবেশ তৈরির উদ্দেশে উন্নত প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা।
বুধবার (২৯ অক্টোবর) ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফার্মাসিউটিক্যালস খাতে মোট ১ হাজার ৬১৫ জন পেশাজীবী ও স্নাতককে উন্নত কারিগরি ও পেশাগত দক্ষতায় প্রশিক্ষিত করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ডিভিশনের মাধ্যমে এসআইসিআইপি বাস্তবায়ন হচ্ছে, এর লক্ষ্য প্রযুক্তি গ্রহণ ও উদ্ভাবনের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করা। এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় পরিচালিত এই প্রকল্পটি ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত চলবে। এই প্রকল্পের মোট ব্যয় ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলার। এই প্রকল্পে ২ লাখ ২০ হাজারের মতো প্রশিক্ষণার্থী অংশ নেবেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় জানায়, এসআইসিআইপি-এর সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণকে আরও এগিয়ে নিচ্ছে। পাশাপাশি, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ক উন্নত করা। টেকসই ও প্রযুক্তিনির্ভর উৎপাদন এবং সেবাখাতে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
এসআইসিআইপি-এর কনফারেন্স রুমে সম্প্রতি আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে সই করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটেটিভনেস অ্যান্ড ইনোভেশনস প্রোগ্রামের অতিরিক্ত সচিব এবং ডেপুটি এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর মো. মাহফুজুল আলম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সচিব মো. মনজুর আলম প্রধান।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ কর্মসূচি
ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এই প্রকল্পের আইসিটি অংশ বাস্তবায়ন করবে। এতে মোট ৮টি দক্ষতা উন্নয়ন কোর্স পরিচালিত হবে, প্রতিটি কোর্সের মেয়াদ চার মাস। এই প্রশিক্ষণগুলোতে ১ হাজার ৪৪০ জন অংশ নেবেন। প্রশিক্ষণ কোর্সগুলো হচ্ছে—ভিএলএসআই সার্কিট ও লেআউট ডিজাইন, ডিজিটাল ফিজিক্যাল ডিজাইন, পিসিবি ও আইওটি ডিভাইস ডিজাইন, ফার্মওয়্যার ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস (আইওটি), ডাটা সায়েন্স, ব্লকচেইন ও ফিনটেক ডেভেলপমেন্ট।
ফার্মাসিউটিক্যাল প্রশিক্ষণ কর্মসূচি
ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ফার্মেসি দেশের ক্রমবর্ধমান ফার্মাসিউটিক্যাল খাতে পেশাগত সক্ষমতা বাড়াতে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি অ্যান্ড রেগুলেশনস কোর্সটি পরিচালনা করবে। এই ডিপ্লোমা প্রোগ্রামের মেয়াদ ছয় মাস এবং এতে ১৭৫ জন প্রশিক্ষণ নেবেন।