সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টানা চার দিনের ছুটি শুরু হচ্ছে আগামীকাল বুধবার (১ অক্টোবর) থেকে। দুর্গাপূজার ছুটি ১ অক্টোবর বুধবার ও ২ অক্টোবর বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার পর্যন্ত মোট চার দিনের ছুটি পাচ্ছেন তারা।
জানা গেছে, ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মহানবমী উপলক্ষে বুধবার (১ অক্টোবর) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর বিজয়া দশমী হচ্ছে দুর্গাপূজার সাধারণ ছুটি। ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় তা সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে গণ্য হবে। এতে টানা চার দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা।
গত বছরের ৫ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দুর্গাপূজার সাধারণ ছুটির পাশাপাশি এক দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে। এতে তখনও সাপ্তাহিক দুই দিন ছুটির সঙ্গে টানা চার দিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা।