ব্যালন ডি’অর জয়ীর নাম প্রকাশ, সত্যি না ভুয়া—কী বলছে কর্তৃপক্ষ

ব্যালন ডি’অর জয়ীর নাম প্রকাশ, সত্যি না ভুয়া—কী বলছে কর্তৃপক্ষ

প্রায় প্রতিবছরই ব্যালন ডি’অর ঘোষণার আগে এমনটা হয়। এক বা একাধিক ভুয়া তালিকা ছড়িয়ে পড়ে জয়ীদের নামসহ। পুরস্কার ঘোষণার আগেই সেসব তালিকা ঘিরে শুরু হয় হইচই। এবারও তার ব্যতিক্রম হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটা তালিকা ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে—ফেবারিট উসমান দেম্বেলেকে পেছনে ফেলে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছেন লামিনে ইয়ামাল।

সেই তালিকা অনুযায়ী, ৮০৫ পয়েন্ট পেয়ে ব্যালন ডি’অর জিতেছেন ইয়ামাল। মাত্র পাঁচ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে দেম্বেলে, যিনি পিএসজির হয়ে জিতেছেন ট্রেবল। আর ৬৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন তাঁর সতীর্থ ভিতিনিয়া।

শীর্ষ দশে বাকি নামগুলোও যথাক্রমে রাফিনিয়া (বার্সেলোনা), মোহাম্মদ সালাহ (লিভারপুল), নুনো মেন্দেস (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা), দিজেরে দুয়ে (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) এবং লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান)।

তবে আয়োজক ‘ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন’ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই তালিকা ভুয়া। ম্যাগাজিনের প্রধান সম্পাদক ভিনসেন্ট গার্সিয়া এক বিবৃতিতে বলেছেন, ‘কেউই আগে থেকে বিজয়ীর নাম জানেন না। পুরস্কার বিতরণের আগে কাউকে সেটা জানানো হয় না। গত বছর থেকে এ নিয়ম চালু হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘ফলাফল শুধু আমিই জানি। মানদণ্ডও পরিষ্কার: ব্যক্তিগত পারফরম্যান্স, শিরোপা, ফেয়ার প্লে আর মাঠের ভেতরে-বাইরে আচরণ।’

ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়েন জানিয়েছে, এবার পুরস্কার তুলে দেবেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনিও। তিনিও নাকি দর্শকদের সঙ্গে একই সময়ে জানতে পারবেন বিজয়ীর নাম।

সব মিলিয়ে এবারের ব্যালন ডি’অর নিয়ে উত্তেজনা তুঙ্গে। পারফরম্যান্স ও অর্জনের নিরিখে ফেবারিট ধরা হচ্ছে পিএসজি তারকা দেম্বেলেকে। তবে লড়াইয়ে আছেন ইয়ামাল আর রাফিনিয়াও। শেষ পর্যন্ত কার হাতে ওঠে সোনালি বল—সেটাই এখন দেখার অপেক্ষা।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin