ব্যালন ডি’অর পাচ্ছেন দেম্বেলে, নাকি ইয়ামাল?

ব্যালন ডি’অর পাচ্ছেন দেম্বেলে, নাকি ইয়ামাল?

পুরো ফুটবল বিশ্বের নজর এখন প্যারিসে। কারণ জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে আজ রাতে হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ অনুষ্ঠান ব্যালন ডি’অর। ফ্রান্সের বিখ্যাত থিয়েটার দু শাতেলে অনুষ্ঠিতব্য এই আয়োজনে শুধু সেরা ফুটবলারই নয়, বিভিন্ন বিভাগে দেয়া হবে এই সম্মাননা।

সেরা পুরুষ ও নারী ফুটবলার ছাড়াও দেয়া হবে সেরা গোলরক্ষক, তরুণ খেলোয়াড়, মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এবং সেরা কোচ। পাশাপাশি থাকবে বছরের সেরা ক্লাবের স্বীকৃতি। বিশেষ সম্মাননা হিসেবে আছে সক্রেটিস অ্যাওয়ার্ডও।

কার হাতে উঠবে এই সোনালী বল? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। এবারের ব্যালন ডি’অরের জন্য বিবেচনা করা হচ্ছে ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ১৩ জুলাই পর্যন্ত পারফরম্যান্স। এই সময়ে আলো ছড়ানো ফুটবলারদের মাঝে আছেন লিভারপুলকে লিগ শিরোপা জেতানো সালাহ, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, বার্সার তরুণ তারকা উইঙ্গার ইয়ামাল ও বার্সার হতাশা কাটিয়ে পিএসজিতে আলো ছড়ানো ডেম্বেলে।

তবে দলীয় ও ব্যক্তিগত সাফল্য মিলিয়ে আলোচনায় এগিয়ে ইয়ামাল ও ডেম্বেলে।

২০২৪-২৫ মৌসুমে স্বপ্নের ট্রেবল জিতে ইতিহাস গড়েছে পিএসজি। এই ইতিহাসের রচনার পথে লুইস এনরিকের অন্যতম সেনাপতি উসমান দেম্বেলে। সব মিলিয়ে এই মৌসুমে ডেম্বেলে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন ৩৫ বার। সেই সাথে ১৬টি অ্যাসিস্টের পাশেও নাম আছে এই প্যারিসিয়ানের।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত ১৮ ম্যাচে মাত্র ৫ গোল করেছিলেন ডেম্বেলে। কিন্তু নতুন বছর শুরু হতেই বদলে যায় দৃশ্যপট। জানুয়ারি থেকে মৌসুমের শেষ পর্যন্ত ২৯ ম্যাচে তিনি করেন ২৫ গোল, পাশাপাশি ছিল ৮ অ্যাসিস্টও। অসাধারণ গোল ও অ্যাসিস্টের পরিসংখ্যান তাকে বানিয়েছে এবারের শীর্ষ ফেভারিট।

অন্যদিকে, মাত্র ১৮ বছর বয়সেই পায়ের ভেলকিতে সবার মনে জায়গা করে নিয়েছেন লামিনে ইয়ামাল। বার্সার ট্রেবল জয়েরও অন্যতম রুপকার এই তরুণ তুর্কি। এলএমটেনের নাম্বার টেন এর উত্তরসূরি হয়ে গোল, অ্যাসিস্ট ও হ্যাভিওয়েট ম্যাচে পারফরম্যান্সের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন ভক্তদের আবেগী প্রিয়পাত্র।

একজন ফুটবলারের জন্য সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান এই ব্যালন ডি’অর। লম্বা সময় ধরে এই পুরস্কারটা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছিলেন লিওনেল মেসি (৮বার) ও ক্রিস্টিয়ানো রোনালদো (৫বার)। মেসি-রোনালদোর রেশ কাটিয়ে তরুণদের যুগে পা রাখছে বিশ্ব ফুটবল। এবার ৩২ জনের মনোনয়ন তালিকায় নেই এই দুই তারকার নাম।

উল্লেখ্য, গত বছর ব্যালন ডি’অর জিতেছিলেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। এবার কে হবেন ফুটবলের নতুন রাজা?

/এএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin