নারী বিশ্বকাপ কাবাডিতে ফাইনালে যাওয়া হলো না বাংলাদেশের। আজ সেমিফাইনালে লড়াই করেও হেরেছে চাইনিজ তাইপের কাছে। দ্বিতীয় সেমিফাইনালে ২৫-১৮ পয়েন্টে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন চাইনিজ তাইপের কাছে হেরেছে ‘এ’ গ্রুপের রানার্স-আপ বাংলাদেশ। অন্য সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ৩৩-২১ পয়েন্টে ইরানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। সোমবার (২৪ নভেম্বর) ট্রফির জন্য লড়বে ভারত ও চাইনিজ তাইপে।
২০১২ সালে ভারতের পাটনায় হওয়া প্রথম নারী বিশ্বকাপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। এবার স্বাগতিকরা তৃতীয় স্থান নিয়ে আসর শেষ করলো। প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১২ পয়েন্টের ব্যবধানে হেরেছে ইরান, চাইনিজ তাইপের কাছে বাংলাদেশের হারের ব্যবধান ছিল ৭। সে সুবাদে প্রথম আসরের তুলনায় দুই ধাপ উন্নতি করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
রবিবার (২৩ নভেম্বর) মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম রেইডে ব্যর্থ হন আন্তর্জাতিক কাবাডিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামা বাংলাদেশ অধিনায়ক রূপালী আক্তার। পরে ট্যাকলে পয়েন্ট হারান স্মৃতি আক্তারও। এগিয়ে যায় চাইনিজ তাইপে। তৃতীয় মিনিটে বোনাস পয়েন্ট নিয়ে খাতা খোলে বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে সময় নেয়নি তারা। অষ্টম মিনিটে শ্রাবণী মল্লিকের সফল রেইডে ৫-৪ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে ৯-৮ পয়েন্টে এগিয়ে থেকে। ব্যবধান আরও বাড়তে পারতো, বিরতির বাঁশি বাজার আগ মুহূর্তে সুপার ট্যাকলে ২ পয়েন্ট তুলে বাংলাদেশ ব্যবধান কমিয়ে প্রথমার্ধ শেষ করে
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান ঘুঁচিয়ে ১০-৮ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। চাইনিজ তাইপেও পাল্টা আঘাতে ১০-১০ সমতায় ফিরে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আধিপত্য বাড়তে থাকে চাইনিজ তাইপের। এ অর্ধের পঞ্চম মিনিটে বাংলাদেশকে অলআউট করে তারা এগিয়ে যায় ১৫-১২ পয়েন্টে। বাকিটা সময়ে দাপট ধরে রেখে ২৫-১৮ পয়েন্টে জয় তুলে নেয়।
ম্যাচ হেরে বাংলাদেশের রেইডার স্মৃতি আক্তার বলেছেন, ‘আমরা অনেক ভালো লড়াই করেছি। চাইনিজ তাইপে অনেক ভালো দল। তারা ইরানকে হারিয়েছে। তারপরও আমরা ভালো খেলার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য ছিল জেতার, তবে পারিনি।’