চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ১

চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ১

রাজধানীর পল্লবী এলাকা থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. স্বাধীন মিয়া (২৩)।

গতকাল মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট) সৈয়দ হারুন অর রশিদ জানান, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের একটি দল সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের সময় জাহিদ খান নামের একটি ফেসবুক আইডি থেকে প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত পোস্ট দেখতে পায়। সেখানে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার (এটিইও) পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার ‘১০০% কমন অরিজিনাল কপি’ সরবরাহের প্রলোভন দেওয়া হচ্ছিল।

পুলিশের গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, পরে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় স্বাধীন মিয়ার অবস্থান শনাক্ত করা হয়। গতকাল (১৬ সেপ্টেম্বর) সকালে পল্লবী থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে চারটি মুঠোফোন, একটি ল্যাপটপ ও আটটি সিমকার্ড জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন মিয়া স্বীকার করেন, তিনি ভুয়া ফেসবুক প্রোফাইল খুলে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নিতেন। টাকা পাওয়ার পর ভুক্তভোগীদের সঙ্গে আর যোগাযোগ রাখতেন না। এভাবে বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে তিনি বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin