চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের গঠনতন্ত্রে তৃতীয়বারের মতো পরিবর্তন আনা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার গঠনতন্ত্র থেকে চারটি সহসম্পাদকের পদ বাদ দেওয়া হয়েছে। যুক্ত করা হয়েছে চারটি সম্পাদকীয় পদ। একই ধরনের পরিবর্তন আনা হয়েছে হল সংসদের গঠনতন্ত্রেও।
নতুন গঠনতন্ত্র অনুযায়ী, যুক্ত হয়েছে চারটি সম্পাদকীয় পদ। এগুলো হলো আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক। এ ছাড়া বাদ দেওয়া হয়েছে সহসমাজসেবা,পরিবেশ ও মানবাধিকারবিষয়ক সম্পাদক, সহগবেষণা ও উদ্ভাবনবিষয়ক সম্পাদক, সহবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদ। মোট পদসংখ্যা ২৮।
তবে সভাপতি, সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহসাধারণ সম্পাদক (এজিএস), ক্রীড়া সম্পাদক ও সহসম্পাদক, দপ্তর সম্পাদক ও সহসম্পাদক, ছাত্রীকল্যাণ সম্পাদক ও সহসম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদক, সহসম্পাদক এবং পাঁচজন নির্বাহী সদস্যের পদ অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে হল সংসদের গঠনতন্ত্রেও একই ধরনের পরিবর্তন ও সংযোজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পদে পরিবর্তন করা হয়েছে।
এদিকে চাকসু নির্বাচনের প্রস্তুতিও জোরদার হয়েছে। প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে চাকসুর ভোটার ২৫ হাজার ৮৬৬ জন। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামীকাল রোববার থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত। ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।