চাকসুতে শিবিরের প্যানেলে লড়বেন দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ দাশ

চাকসুতে শিবিরের প্যানেলে লড়বেন দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ দাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলে মনোনয়ন সংগ্রহ করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আকাশ দাশ। সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী প্যানেলটিতে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।

এসময় আকাশ দাশ বলেন, ‘আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী হয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। আমি এজন্য নির্বাচন করছি। এখানে ধর্ম বলে কথা নাই। আমাকে দেখতে হচ্ছে, আদর্শের ভিত্তিতে কারা এগিয়ে আছে। বাংলাদেশের রাজনীতিতে ছাত্র সংগঠনগুলোর মাঝে বিভাজন আছে। কিন্তু ছাত্রশিবিরকে কখনোই আমি এমন বিভাজনে দেখিনি।’

তিনি আরও বলেন, ‘প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। একাডেমিক সমস্যার সম্মুখীন হলেও ইসলামী ছাত্রশিবিরকেই আগে পাশে পাই। এজন্য অন্যান্য প্যানেলে না গিয়ে ছাত্রশিবিরের প্যানেলকেই আমার জন্য উপযোগী মনে হয়েছে।’

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘শিবিরের প্যানেল চূড়ান্ত হয়ে গেছে। আজ (বুধবার) প্যানেল ঘোষণার কথা থাকলেও অনিবার্য কারণে হয়নি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করা হবে। আমাদের প্যানেলটি অন্তর্ভুক্তিমূলকভাবে সাজানো হয়েছে।’

তিনি আরও বলেন, ১৯৮১ সালে চাকসুর পঞ্চম ক্যাবিনেটে ছাত্রশিবিরের প্যানেলে তৃতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন পূর্ণেন্দু কুমার। সেই ঐতিহ্য অনুযায়ী আকাশ দাশও এবার চাকসুতে বিজয়ী হয়ে আসবেন বলে আমাদের পূর্ণ বিশ্বাস।’

সোহেল রানা/এসআর/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin