চাকসুতে স্বতন্ত্র প্যানেলের প্রস্তুতি, গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা বহিষ্কার

চাকসুতে স্বতন্ত্র প্যানেলের প্রস্তুতি, গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা বহিষ্কার

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সংগঠক আর এম রাশিদুল হক দিনারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাঁর সদস্যপদ বাতিল করা হয়। বহিষ্কৃত নেতার ভাষ্য, চাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেলের প্রস্তুতি নেওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছে।

আজ রোববার রাতে সংগঠনের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্যসচিব জাহিদ আহসান স্বাক্ষরিত বহিষ্কারাদেশে বলা হয়, সংগঠনের সব স্তরের দায়িত্বশীলদের আর এম রাশিদুল হকের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৪ আগস্ট ঘোষিত বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটিতে রাশিদুলকে সংগঠক পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে সংগঠনের অভিযোগ, একাধিকবার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি জবাব দেননি এবং সংগঠনের স্বার্থবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এ কারণে বাগছাসের গঠনতন্ত্রের ধারা অনুযায়ী তাঁর সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হয়।

বহিষ্কার প্রসঙ্গে প্রথম আলোকে আর এম রাশিদুল হক দিনার বলেন, ‘ক্যাম্পাসকেন্দ্রিক নানা অনিয়মে আমি আপত্তি জানিয়েছিলাম। এক–দেড় মাস আগে আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে ঢাকায় যেতে বলা হলেও আমি চাকসু নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় যাওয়া সম্ভব হয়নি।’

রাশিদুল হক দিনার আরও বলেন, ‘আমি যখন স্বতন্ত্র প্যানেল করার ঘোষণা দিয়েছি, তখনই আর অপেক্ষা না করে আমাকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় সংগঠনের কিছু নেতার ভূমিকার সমালোচনা করেছিলাম। সত্য বলায় আমার প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা বাগছাসের আহ্বায়ক মুনতাসির আহমেদ প্রথম আলোকে বলেন, কেন্দ্র থেকে পাঠানো নোটিশের ভিত্তিতে এম রাশিদুল হককে বহিষ্কার করা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin