চাঁদপুরে আগুনে পুড়ল ৭ প্রতিষ্ঠান

চাঁদপুরে আগুনে পুড়ল ৭ প্রতিষ্ঠান

চাঁদপুর সদর উপজেলার বাগাদি চৌরাস্তা মোড় এলাকায় আগুন লেগে সাত ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর ফায়ার স্টেশন উত্তর এর সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সায়েদ গাজীর মুদি দোকান, খোকন রাজার খাবার হোটেল, রাধা কৃষ্ণের সেলুন, মো. রাশেদের কম্পিউটার দোকান, তানমুল ইসলামের মোবাইল সার্ভিসিংয়ের দোকান ও সাকিব আলমের কম্পিউটার ও স্টেশানির দোকান। সবগুলো দোকানই টিনের তৈরি।  

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাকিব-আলম জানান, তার দোকানে দুটি কম্পিউটার ও একটি ফটোকপি মেশিন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।  

মোবাইল সার্ভিসিংয়ের দোকানদার তানমুল ইসলাম জানান, আগুনে তার দুটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন ও একটি আইপিএস পুড়েছে। দোকানে কিছুই নেই।

স্থানীয় বাসিন্দা খলিল মিজি, মো. টেলু গাজী ও সিএনজিচালিত অটোরিকশা চালক সেকান্দর গাজী বলেন, আনুমানিক সাড়ে ৭টার দিকে খোকন রাজার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় হোটেলে অনেক লোকজন ছিল। তবে আগুন দেখে সব লোকজন বের হয়ে যায়। এরপর আগুন বাড়তে থাকে এবং পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে আসে। আনুমানিক ৯টার দিকে আগুন নেবাতে সক্ষম হয়।

চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, সকাল ৮টায় আগুনের সংবাদ পেয়ে সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন সম্পূর্ণ নির্বাপণ হয় সোয়া ৯টার দিকে।

তিনি আরও বলেন, স্থানীয়দের কথা বলে জানতে পেরেছি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে আনুমানিক ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত করলে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য জানা যাবে।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin