চাঁদপুরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ

চাঁদপুরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ

চাঁদপুর-২ আসনের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে একদিনে প্রায় এক লাখ লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী দুই উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৩৫টি দল পৃথকভাবে শিক্ষা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের হাতে এসব লিফলেট বিতরণ করেন।

দুপুরে উপজেলার কালিপুর বাজার ও পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের কাছে এর গুরুত্ব তুলে ধরেন এই আসনে মনোনয়নপ্রত্যাশী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি এম এ শুক্কুর পাটোয়ারী।

বিএনপির এই নেতা গণসংযোগকালে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আজ জাতীয় প্রয়োজন। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশকে সঠিক পথে পরিচালনার জন্য বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষে রায় দেবে। তিনি প্রতিশ্রুতি দেন-বিএনপি জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রাখবে।

তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বৃহত্তর মতলবের ছাত্রদল, যুবদল ও বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ প্রতিটি গণআন্দোলনে নেতাকর্মীদের সঙ্গে রাজপথে থেকেছি, জেল-জুলুম সহ্য করেছি এবং রক্ত দিয়েছি। জনগণের স্বার্থে কাজ করা আমার অঙ্গীকার। একই সঙ্গে তিনি মতলবকে একটি স্বপ্নীল ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এই নেতা বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন ও সমৃদ্ধ মতলব গড়ে তুলতে জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন চাই। মতলবের মানুষের স্বপ্ন পূরণই হবে আমার জীবনের সর্বোচ্চ অর্জন।

মতলবে রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক অঙ্গনে ঐতিহ্যমণ্ডিত একটি জনপদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এখানে শক্তিশালী রাজনৈতিক ভিত্তি গড়ে তুলেছে। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ জনপদে বিএনপির কর্মসূচি নতুন গতিময়তা পেয়েছে বলে দাবি করেন এই নেতা।

মতলব উত্তর থানা স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহজালাল প্রধান, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সফিকুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য কামরুল ঢালী, স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ রানা, ষাটনল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সরকার নেওয়াজ শরীফ, উপাদি উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শামীম মিয়াজী, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি দিদার ফরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin