চব্বিশের জুলাই আন্দোলনে শহীদরাও মুক্তিযোদ্ধা: রিজভী

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদরাও মুক্তিযোদ্ধা: রিজভী

কুমিল্লা: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ শব্দটি শুধু ব্যক্তি মানুষের প্রাণ উৎসর্গ নয়, একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা। নতজানু একটি রাষ্ট্র থেকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার নিয়ে যারা জীবন দিয়েছে তার মধ্যে একজন ইমাম হোসেন তায়িম।

সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুরে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ইমাম হাসান তায়িম ভুঁইয়ার কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, রাজধানী থেকে অনেক দূরে প্রত্যন্ত অঞ্চলের একটি ধান ক্ষেতের পাশে শুয়ে আছে তায়িম। কিন্তু তার এই আত্মত্যাগ কিসের জন্য সেটা যেন মানুষ ভুলে না যায়। তার এই আত্মত্যাগ আমরা প্রতি মুহূর্তে স্মরণ করি। কারও জমি দখল করতে, কোনো গ্রামের সঙ্গে গ্রামের মারামারিতে নয়, একটি জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী ছাত্রজনতা। শহীদদের আত্মদান বড় তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ।

বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিহত তায়িমের মাকে উদ্দেশ্য করে বলেন, জুলাই আন্দোলনে তায়িম পরিবারের কথা না শুনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। সন্তান ঘর থেকে বের হয়ে আর ফিরে আসে নাই কিন্তু এই সন্তানহারা মা শোক নিয়ে আজও বেঁচে আছে। গণতন্ত্রের জন্য তায়িমরা এখনও প্রস্তুত। তায়িমের আত্মত্যাগ যেন আমরা কখনও না ভুলি, তাহলেই হবে তার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা।

তিনি এতবারপুর ভুঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে শহীদ তায়িমের কবর জিয়ারত শেষে তার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে চেক প্রদান করেন এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা যুবদল নেতা তৌহিদুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি প্রমুখ।

পরে তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দৃষ্টিহীন জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে রওনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত জাহাঙ্গীর আলম নামের একজন দৃষ্টিহীন ব্যক্তির গানের ভিডিও লন্ডনে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তিনি আমরা বিএনপি পরিবারকে জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin