ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, সিলেট থেকে দ্বিতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সেই নুরুজ্জামান

ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, সিলেট থেকে দ্বিতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সেই নুরুজ্জামান

চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলেকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবা নুরুজ্জামানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই এলাকার একটি আবাসিক হোটেল থেকে নুরুজ্জামানের দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ঘরে তোলা নিয়ে বিবাদেই খুন হয়েছিলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মোহাম্মদ শাহেদ (২৪)।

গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘সোমবার সন্ধ্যায় সিলেট থেকে র‌্যাব-৭ এর একটি দল নুরুজ্জামান ও তার দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে। আজ দুপুরে আসামিদের আমাদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। আসামিদের বুঝে পেলে তাঁদের আদালতে তোলা হবে।’

জাহিদুল ইসলাম আরও বলেন, নুরুজ্জামানের দ্বিতীয় স্ত্রীর বাড়ি সিলেটের জৈন্তাপুরে। তবে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়নি। সিলেট শহরের একটি বাসস্ট্যান্ড থেকে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করেছে। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই এলাকার একটি হোটেলে উঠেছিলেন তিনি।

এর আগে ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের নুরুজ্জামান তাঁর একমাত্র ছেলে মোহাম্মদ শাহেদকে ছুরিকাঘাতে হত্যা করেন। নিহত শাহেদ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। সৌদি আরব প্রবাসী নুরুজ্জামানের দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলা নিয়ে বিতণ্ডা থেকে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই শাহেদের মা কামারুজ্জাহান বাদী হয়ে নুরুজ্জামান ও তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা করেন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin