চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুরুল হক ‍নুর

চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুরুল হক ‍নুর

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন তিনি।

নুরের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। নুরুল হক নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুরুল হক জানান, বিদেশে চিকিৎসা নিতে নিজে অনাগ্রহ প্রকাশ করলেও, ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ এবং দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান জানান, গত ২৯ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীতে থাকা পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার এজেন্টদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দীর্ঘ ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজ ও পরবর্তীতে বেসরকারি মেডিকেলে চিকিৎসা নিয়ে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অনিচ্ছা সত্বেও চিকিৎসকের পরামর্শে তার পরিবার ও দলীয় সিদ্ধান্তে তাকে বিদেশে পাঠানো হচ্ছে। দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছে গণঅধিকার পরিষদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেরিতে হলেও উন্নত চিকিৎসার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। তবে একই সাথে বর্বরোচিত এ হামলার ২৪ দিন অতিক্রম হলেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সরকারের গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদনের কোন অগ্রগতি না হওয়ায় নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করছে।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের সুপরিচিত একজন রাজনৈতিক নেতা ও দলীয় প্রধানের ওপর আক্রমণ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ তথা দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তাই অনতিবিলম্বে এ বর্বরোচিত হামলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। অন্যথায় দেশের ফ্যাসিবাদবিরোধী জনতাকে সাথে নিয়ে গণঅধিকার পরিষদ রাজপথে কঠোর কর্মসূচি দিবে।

কেএইচকে/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin