চন্দনাইশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরেক শ্রমিকের মৃত্যু

চন্দনাইশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরেক শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস ক্রসফিলিং গুদামে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধ ১০ জনের মধ্যে পাঁচজন মারা গেলেন।

ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ওই শ্রমিক মারা যান।

নিহত মো. হারেছ ওরফে হারুন (৩০) চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ পর্দারডেবা এলাকার নুরুল ইসলামের ছেলে।

হারেছের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গাউছিয়া কমিটি চন্দনাইশ মানবিক টিমের প্রধান মো. সোলাইমান ফারুকী।

আরও পড়ুন

চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গুদাম মালিকের মৃত্যুরাসায়নিক গুদামে আগুন, নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৫ কর্মী দগ্ধ২ ফায়ার ফাইটার ১০০ শতাংশ দগ্ধ, পিপিও পুড়ে গেছে: ডিজি

গত ১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে চন্দনাইশ-সাতকানিয়ার সীমানাবর্তী নির্জন এলাকা দ্বীপ চরতী সর্বিরচরে অবৈধ গ্যাস ক্রসফিলিং গুদামে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আগুন ধরে গুদামটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় সেখানে থাকা ১০ জন দগ্ধ হন।

খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সেই সঙ্গে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে প্রথমে চারজনকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। এরপর বাকি ছয়জনকেও ঢাকায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত পাঁচজন মারা গেলেন। তাদের মধ্যে গুদামের মালিক মাহাবুবুল আলমও রয়েছেন। চিকিৎসাধীন অপর পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এমআরএএইচ/একিউএফ/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin