চট্টগ্রামে বাসার সামনে যুবককে ছুরিকাঘাতে ‘হত্যা’

চট্টগ্রামে বাসার সামনে যুবককে ছুরিকাঘাতে ‘হত্যা’

চট্টগ্রাম নগরীর হালিশহরে নিজ বাসার সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আকবর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরির শাপলা আবাসিকের মুখে এই ঘটনা ঘটে।

নিহত যুবক সেখানকার একটি লোহার ডিপোতে কর্মরত ছিল বলে জানা গেছে।

নিহতের ভাই মারুফ জানান, শুক্রবার রাতে মোটরসাইকেলে চার থেকে পাঁচ জনের একদল দুর্বৃত্ত আমাদের বাসার সামনে এসে আমার ভাই আকবরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখানে আরও লোকজন থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে জানান, হালিশহর থেকে ছুরিকাঘাতে গুরুতর আহত আকবর নামে এক যুবককে রাত ১১টায় চমেক হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

হালিশহর থানার ওসি জাকির হোসেন বলেন, ‘ছুরিকাঘাতে গত রাতে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin