চট্টগ্রামে বাসচাপায় মাইক্রোবাসচালক নিহত, আটক ২

চট্টগ্রামে বাসচাপায় মাইক্রোবাসচালক নিহত, আটক ২

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের গোলচত্বর এলাকায় বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির চালক ও তাঁর সহকারীকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সোহেল। তিনি পেশায় মাইক্রোবাসের চালক ছিলেন। আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে তাঁর বাড়ি। তবে একই উপজেলার বৈরাগ ইউনিয়ন এলাকায় বসবাস করে আসছেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা গেছে, মোহাম্মদ সোহেল টানেলের আনোয়ারা প্রান্তের গোলচত্বর এলাকা থেকে গাড়িতে ওঠার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গোলচত্বরে নিয়ম না নেমে উল্টো পথে আসা একটি বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালানোর চেষ্টা করেন। এ সময় টানেলের টোল প্লাজায় চালক কবির হোসেন (৪২) ও সহকারী সাগর আহমদকে (২২) আটক করা হয়। কবিরের বাড়ি জামালপুর এবং সাগরের বাড়ি টাঙ্গাইলে।

সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সোহেল নিহত হওয়ার খবরে রাতে উপজেলার মইজ্জারটেক চত্বরে বিক্ষোভ করেন স্থানীয় চালক ও যাত্রীরা। পরে পুলিশ বাসচালক ও তাঁর সহকারীকে আটক করার খবর জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোহাম্মদ সোহেলের শ্যালক মোহাম্মদ আরিফ প্রথম আলোকে বলেন, তাঁর ভগ্নিপতি টানেল সড়কে মাইক্রোবাস চালাতেন। গাড়ি রেখে রাতে বাড়ি ফেরার জন্য টানেলের গোলচত্বর থেকে গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন তিনি। এ সময় দুর্ঘটনাটি ঘটেছে।

আনোয়ারা কার-মাইক্রোবাস শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম বলেন, বাসটি যদি নিয়ম মেনে গোলচত্বর ঘুরে আসত, তাহলে সোহেল দুর্ঘটনার মুখে পড়তেন না। বাসচালক ও তাঁর সহকারীর ভুলের কারণে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছি। অভিযুক্ত বাসচালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

২০২৩ সালের ২৮ অক্টোবর উদ্বোধনের পর টানেলের ভেতরে-বাইরে ১১টি দুর্ঘটনা ঘটেছে এবং এতে ৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে সর্বশেষ গত ২৪ জুন বিকেলে পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা আসার সময় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের ডেকোরেশন বোর্ড ও বিদ্যুৎ সরবরাহ লাইনে ধাক্কা দেয়। এ সময় তিনজন আহত হন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin