বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টায় চট্টগ্রাম নগরের জাকির হোসেন রোডের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অতিথিরা।
উৎসবে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. লুৎফর রহমান, বিকাশ লিমিটেডের রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট সায়মা আহসান, কবি ও সাংবাদিক ওমর কায়সার, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ শাহীন আলরাজী, বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার।
উৎসবে অংশ নিতে সকাল থেকেই শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে ভিড় জমায়। তাদের পদচারণে মুখর হয়ে ওঠে আয়োজন। উৎসবে স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রজেক্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রজেক্ট প্রদর্শনীতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা একটি ক্যাটাগরিতে অংশ নেবে। আর কুইজ প্রতিযোগিতায় থাকছে দুটি ক্যাটাগরি। নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে অংশ নেবে ষষ্ঠ-অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা, আর মাধ্যমিক ক্যাটাগরিতে অংশ নেবে নবম-দশম শ্রেণি ও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা। শুধু নিবন্ধনকারী শিক্ষার্থীরা এ দুই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
আঞ্চলিক উৎসবে কুইজের প্রতি ক্যাটাগরিতে ১০ জন ও প্রজেক্টে সেরা ১০টি দলকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকছে সনদ, মেডেল, বইসহ আকর্ষণীয় সব পুরস্কার। পাশাপাশি এই বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাবে। সেখানে বিজয়ীদের জন্য থাকছে ল্যাপটপ, ট্যাবসহ আকর্ষণীয় অনেক পুরস্কার। এ ছাড়া উৎসবে থাকছে বিজ্ঞান ম্যাজিক, প্রশ্নোত্তর পর্বসহ আরও অনেক মজার আয়োজন।
সারা দেশের স্কুলশিক্ষার্থীদের বিজ্ঞানে উৎসাহী করে তুলতে আয়োজিত হচ্ছে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব। ইতিমধ্যে ঢাকা, রংপুর, রাজশাহী ও বরিশালে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। এরপর খুলনা ও সিলেট পর্বের আঞ্চলিক বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হবে। সর্বশেষ জাতীয় পর্বের মাধ্যমে শেষ হবে এ আয়োজন।
বিজ্ঞান উৎসবের যেকোনো খবর জানতে bigganchinta.com, বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ও বিজ্ঞানচিন্তার ফেসবুক পেজ ও গ্রুপে, প্রথম আলোয় এবং বিজ্ঞানচিন্তার প্রিন্ট সংস্করণে চোখ রাখুন।