চট্টগ্রামে সাতকানিয়ায় একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ হলেন- মো- মাহবুবুর রহমান (৪৫), মো. ইদ্রিস আলী (২৭), মো. রিয়াজ উদ্দিন (২০) ও মো. ইউসুফ আলী (৩২)।
দগ্ধদের জাতীয় বার্নে নিয়ে আসা আরিফ হোসেন জানান, বুধবার সকাল আটটার দিকে চট্টগ্রামের সাতকানিয়া চরপাড়া এলাকার বৈলতলী ইউনুস মার্কেটের মো. মাহবুবুর রহমানের দোকানে গ্যাস সিলিন্ডার আনলোড করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটে। পরে দোকান মালিকসহ প্রায় ১০ জন দগ্ধ হয়। এরপর তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখান থেকে চারজনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
তিনি আরও জানান, সিগারেটের আগুন থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, চট্টগ্রামের সাতকানিয়া থেকে ৪ জন দগ্ধ হয়ে এই ইনস্টিটিউটে এখানে এসেছে। তাদের মধ্যে ইদ্রিস আলীর ৬০ শতাংশ, ইউসুফ আলীর ৫৭ শতাংশ, মাহবুবুর রহমান ৫০ শতাংশ ও রিয়াজুদ্দিনের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবার শ্বাসনালী দগ্ধ হয়েছে।
চিকিৎসক আরও জানান, দগ্ধ চারজনের অবস্থাই আশঙ্কাজনক।
কাজী আল আমিন/এনএইচআর/এএসএম