চুয়াডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩

চুয়াডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩

চুয়াডাঙ্গা: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুপক্ষের সংঘর্ষে জয়নুর (৫৩) নামে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিন্দহুদা গ্রামের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

নিহত জয়নুর (৫৩) দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মৃত ঝড়ু মন্ডলের ছেলে। আহতরা হলেন নিহত জয়নুরের ভাই খাজা আহমেদ (৫৫), জাহীর (৫১) এবং খাজা আহমেদের ছেলে দিপু (১৭)। তিনজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে জমিতে কাজ করতে গিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

গ্রামের নুরুল হক পেশকার গ্রুপ ও মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে চারজন গুরুতর আহত হন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নুর মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন জানান, চারজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জয়নুর নামে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin