চুয়াডাঙ্গা: পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অস্ত্রসহ এক যুবক আটক হয়েছেন।
শনিবার (০৪ অক্টোবর) ভোররাতে উপজেলার কেশবপুর পূর্বপাড়ায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত ২টা ১৫ মিনিট থেকে সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত এ অভিযান চলে। সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সোয়াদের বাড়ি ঘেরাও করা হয়।
তল্লাশির এক পর্যায়ে উদ্ধার করা হয় একটি শর্টগান, পাঁচ রাউন্ড গুলি, নয়টি ধারাল দেশি অস্ত্র ও একটি ঢাল। আটক করা হয় সোয়াদকে। তিনি কেশবপুর পূর্বপাড়ার মৃত জসিমের ছেলে।
আটক সোয়াদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র মজুদের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। পরে তাকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এসএইচ