চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ এখন পেনাল্টিরও ‘রাজা’

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ এখন পেনাল্টিরও ‘রাজা’

রিয়াল মাদ্রিদকে বলা হয় চ্যাম্পিয়নস লিগের রাজা। ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে রিয়াল শিরোপা জিতেছে ১৫ বার, যা দ্বিতীয় এসি মিলানের (৭) দ্বিগুণেরও বেশি। তবে চ্যাম্পিয়নস লিগে রিয়াল শুধু শিরোপা জয়ের রাজাই নয়, এখন তারা পেনাল্টিরও রাজা।

গতকাল রাতে মার্শেইয়ের বিপক্ষে ২–১ গোলে জেতা ম্যাচে রিয়ালের দুটি গোলই কিলিয়ান এমবাপ্পে করেছেন পেনাল্টি থেকে। এই ম্যাচের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে এখন যৌথভাবে সবচেয়ে বেশি পেনাল্টি পাওয়া দল রিয়াল। ৬২ পেনাল্টি নিয়ে এতদিন পর্যন্ত এককভাবে সবার ওপরে ছিল বায়ার্ন মিউনিখ।

কিন্তু গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে পাওয়া দুই পেনাল্টি দিয়ে জার্মান চ্যাম্পিয়নদের ছুঁয়ে ফেলেছে রিয়াল। রিয়ালকে অবশ্য বায়ার্নের সমান পেনাল্টি পেতে ৯৬ ম্যাচ বেশি খেলতে হয়েছে। বায়ার্নের যেখানে ৪০৮ ম্যাচ লেগেছে, রিয়ালের লেগেছে ৫০৪ ম্যাচ।

রিয়াল ও বায়ার্নের পরেই এই তালিকায় আছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ৩৬৩ ম্যাচে ৫৬টি পেনাল্টি পেয়েছে বার্সা। তিন নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি পেনাল্টি পেয়েছে ১৩৯ ম্যাচে ৩৭টি এবং আর্সেনাল ২২৬ ম্যাচে ৩৬ পেনাল্টি পেয়েছে।

তবে গতকাল রাতে রিয়ালের পাওয়া দ্বিতীয় পেনাল্টিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্শেই কোচসহ অনেকের দাবি এটি আসলে পেনাল্টি ছিল না। ম্যাচের তখন ৭৯ মিনিটের খেলা চলছিল। বক্সের ভেতর ভিনিসিয়ুস জুনিয়রকে ঠেকাতে গিয়ে পড়ে যান মার্শেইয়ের ফাকুন্দো মেদিনা।

এ সময় বল তাঁর হাতেও লাগে। রিয়াল খেলোয়াড়েরা আবেদন জানালে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ভিএআরে যাচাইয়ের পরও পেনাল্টির সিদ্ধান্ত বহাল রাখা হয়। এরপর পেনাল্টি থেকে গোল করে দলকে জয়সূচক গোল এনে দেন এমবাপ্পে। তবে ম্যাচ শেষে এটি আদৌ পেনাল্টি ছিল কি না, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে মার্শেই কোচ ডি জেরবি বলেছেন, ‘পেনাল্টিটা আসলে একটু বিব্রতকর ছিল। আমার পক্ষে হলেও আমি একই কথা বলতাম। এটা মোটেও পেনাল্টি নয়। তবে আমি মোটেও মনে করি না যে লাল কার্ডের ক্ষতিপূরণ হিসেবে এটা দেওয়া হয়েছে। এ রকম অবশ্যই না।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin