চ্যাটজিপিটির মাধ্যমে অনলাইনে পছন্দের পণ্যও কেনা যাবে

চ্যাটজিপিটির মাধ্যমে অনলাইনে পছন্দের পণ্যও কেনা যাবে

প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি লিখিত প্রম্পট থেকে কৃত্রিম ছবি তৈরি করে দেয় চ্যাটজিপিটি। শুধু তা-ই নয়, ব্যবহারকারীদের নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ, কবিতাসহ ই-মেইলের খসড়াও লিখে দেয় চ্যাটবটটি। এবার চ্যাটজিপিটিতে অনলাইন কেনাকাটার সুবিধা চালু করেছে ওপেনএআই। এ সুবিধা চালুর ফলে অন্য কোনো ওয়েবসাইটে প্রবেশ না করেই চ্যাটজিপিটির মাধ্যমে সরাসরি পছন্দের পণ্য কেনা যাবে।

ওপেনএআই জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এখন থেকে সরাসরি চ্যাটজিপিটির মাধ্যমে পণ্য কিনতে পারবেন। নতুন এ সুবিধার নাম দেওয়া হয়েছে ‘ইনস্ট্যান্ট চেকআউট’। প্রাথমিকভাবে নির্বাচিত বিক্রেতা ও প্রতিষ্ঠানের পণ্য কেনা যাবে। এত দিন চ্যাটজিপিটিতে কোনো পণ্যের খোঁজ মিললেও কিনতে হলে ব্যবহারকারীদের আলাদা ওয়েবসাইটে যেতে হতো। নতুন সুবিধা চালুর ফলে কেনাকাটার শেষ ধাপও সম্পন্ন হবে চ্যাটজিপিটির ভেতরে।

চ্যাটজিপিটির মাধ্যমে অনলাইনে পছন্দের পণ্য কেনার ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। ওপেনএআইয়ের তথ্যমতে, আপাতত একবারে কেবল একটি পণ্য কেনা যাবে। তবে নতুন এ সুবিধা ব্যবহারকারীদের অনলাইন কেনাকাটার অভ্যাসে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ব্যবসায়ীরা সহজেই নিজেদের পণ্য সরাসরি চ্যাটজিপিটিতে যুক্ত করতে পারবেন। যদিও অ্যামাজন বা ওয়ালমার্টের মতো বড় প্রতিষ্ঠান এখনো এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়নি।

চ্যাটজিপিটির ব্যবহার বিস্তৃত করার পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নিয়েছে ওপেনএআই। এর আগে চ্যাটজিপিটিতে পণ্য অনুসন্ধান ও সুপারিশসুবিধা চালু করে প্রতিষ্ঠানটি। নতুন সুবিধা চালুর বিষয়ে ওপেনএআইয়ের বাণিজ্য বিভাগের প্রধান মিশেল ফ্রাডিন জানিয়েছেন, চ্যাটজিপিটির প্রতি ১০ জন ব্যবহারকারীর অন্তত ১ জন কেনাকাটায় আগ্রহ দেখান। তাঁদের জন্য সরাসরি কেনাকাটার সুযোগ তৈরি করা যৌক্তিক পদক্ষেপ।

সূত্র: টেকলুসিভ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin