ডায়না পেন্টি সাহসের সঙ্গে বলতে পারেন—‘আমি যেমন, তেমনই থাকব’

ডায়না পেন্টি সাহসের সঙ্গে বলতে পারেন—‘আমি যেমন, তেমনই থাকব’

অভিষেক সিনেমাতেই নজর কাড়েন ডায়না পেন্টি। হোমি আদজানিয়া পরিচালিত ককটেল ছবিতে সাইফ আলী খান আর দীপিকা পাড়ুকোনের দ্যুতির মধ্যে তিনি হারিয়ে যাননি। বরং এই দুই তারকার পাশে সমান উজ্জ্বল ছিলেন সেই নবাগতা। তারপর আসে ‘হ্যাপি ভাগ যায়েগি’—যেখানে ভিন্ন আঙ্গিকে ধরা দেন তিনি। পরের বছর মুক্তি পাওয়া ‘লক্ষ্ণৌ সেন্ট্রাল’ ছবিতেও দর্শকের দৃষ্টি কেড়েছিলেন। ধীরে ধীরে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন তিনি। দীর্ঘ ১৩ বছর ধরে বলিউডে টিকে থেকে নিজের অবস্থান অক্ষুণ্ন রেখেছেন ডায়না। সম্প্রতি হলিউড রিপোর্টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই আলো কিংবা পরিচিতির ভ্রমণটা মোটেও সহজ ছিল না।

সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘ডু ইউ ওয়াননা পার্টনার’ নিয়ে বর্তমানে চর্চায় আছেন ডায়না। অ্যামাজন প্রাইম ভিডিওতে শুক্রবার মুক্তি পাওয়া এই কমেডি থ্রিলার সিরিজে তাঁকে একেবারে ভিন্ন রূপে দেখা গেছে। মুখ্য দুই চরিত্রে আছেন তামান্না ভাটিয়া ও ডায়না পেন্টি। সিরিজে ডায়নার চরিত্রটা সাহসী, ডাকাবুকো। কিন্তু বাস্তবের ডায়না একেবারেই উল্টো।

নিজের স্বভাবের কথা বলতে গিয়ে অকপটে স্বীকার করেছেন, ‘বরাবরই আমি একটু লাজুক, অন্তর্মুখী। মানুষের সঙ্গে খুব একটা মিশতে পারি না। ক্যারিয়ারের শুরুর দিকে ইন্ডাস্ট্রির নানা প্রান্ত থেকে আসা অনেক মানুষ আমাকে শিখিয়েছিলেন, এখানে টিকে থাকতে হলে কীভাবে চলতে হবে। আমি তাদের পরামর্শ নেওয়ার চেষ্টা করেছিলাম, তাদের মতো হওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝতে পারি, এই প্রচেষ্টা আমাকে ক্লান্ত করে তুলছে। তখনই উপলব্ধি করি, আমি শুধু আমার মতোই থাকব।’

ডায়নার এই আত্মবিশ্বাসী অবস্থান তাঁকে আরও দৃঢ় করেছে। তিনি বলেছেন, ‘আমি কেমন মানুষ, সেটা দেখে আমাকে অনেক সময় ছবি দেওয়া হয় না। আমি কেমন অভিনেত্রী, সেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ না। তবে আমার এতে কোনো যায় আসে না। অবশেষে বলতে শিখেছি, আমি যেমন, তেমনই থাকব। হয়তো আমার কথা অনেকেই পছন্দ করবেন না, কিন্তু আমি এতে মনের শান্তি খুঁজে পেয়েছি।’

বলিউডের চাকচিক্য, শোরগোল কিংবা পাপারাজ্জিদের অবিরাম ক্যামেরার আলো থেকে নিজেকে দূরে রাখতে পছন্দ করেন ডায়না। সব সময় নিজের ছন্দে চলতে চান। এ কারণেই তাঁকে সাধারণত আলোচনার বাইরে দেখা যায়। তবে যখনই তিনি পর্দায় হাজির হন, তখন নিজের উপস্থিতির ছাপ রেখে যান।

‘ককটেল, ‘হ্যাপি ভাগ যায়েগি’র পর ‘লক্ষ্ণৌ সেন্ট্রাল’, ‘পরমাণু: দ্য স্টোরি অব পোখরান’, ‘হ্যাপি ফির ভাগ যায়েগি’ কিংবা ‘শিদ্দত’—প্রতিটি ছবিতেই আলাদা কিছু করার চেষ্টা করেছেন পেন্টি। চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে কখনোই তাড়াহুড়া করেননি। এবার ‘ডু ইউ ওয়াননা পার্টনার’ তাঁকে নতুন করে আলোচনায় এনেছে। সিরিজের চরিত্র আনাহিতা সম্পর্কে বলতে গিয়ে ডায়না জানিয়েছেন, এই চরিত্র নিজের সত্তার সঙ্গে কোথাও না কোথাও মিল খুঁজে পেয়েছে। তাঁর ভাষায়, ‘অভিনয় আমার কাছে শুধুই কাজ নয়, বরং আত্মপ্রকাশের এক রূপ। তাই অন্যের মতো হয়ে নয়, নিজের সত্যিকারের সত্তাকে ধরে রেখে এগিয়ে যেতে চাই।’

সমালোচকদের মতে, ডায়না পেন্টির এই আত্মবিশ্বাসী যাত্রা নতুন অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। যে মেয়েটি লাজুক, অন্তর্মুখী স্বভাব নিয়ে বলিউডে পা রেখেছিলেন, তিনিই আজ সাহসের সঙ্গে বলতে পারেন—‘আমি যেমন, তেমনই থাকব।’

Comments

0 total

Be the first to comment.

টাকার টানেই এলেন দীক্ষা Prothomalo | বলিউড

টাকার টানেই এলেন দীক্ষা

ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন কাস্টিং সহকারী। প্রতিদিন কত তরুণ-তরুণীর অডিশন নিতেন; অভিনয় দেখা, চরিত্র...

Oct 05, 2025

More from this User

View all posts by admin