মুফতে খাবার খাওয়ার জন্য বিয়ে, কুলখানির মতো বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ ছাড়া উটকো লোক ঢুকে পড়ার অনেক গল্প তো আমরা শুনেছি। নামকরা চলচ্চিত্র থ্রি ইডিয়টস-এ তো ভুয়া পরিচয়ে বিয়েবাড়িতে ঢুকে পড়ার একটা দৃশ্যই আছে। তবে, সবাইকে বোধহয় ছাড়িয়ে গেছেন জাপানের তাকুয়া হিগাশিমোতো। ডেলিভারি অ্যাপ দেমায়ে কান-এর ফাঁকফোকর কাজে লাগিয়ে গত দুবছরে এক হাজার ৯৫ বার বিমামূল্যে খাবার অর্ডার করেছেন তিনি।
নাগোয়া শহরের বাসিন্দা ৩৮ বছরের ওই ব্যক্তি অর্ডার পাওয়ার পরও দাবি করতেন যে খাবারটি তার কাছে পৌঁছেনি। এরপর তার ক্ষতিপূরণের জন্য বরং সমপরিমাণ অর্থ ফেরত পেতেন তিনি। তিনি মূলত উচ্চমূল্যের খাবার—যেমন ইল বেন্টো, হ্যামবার্গার স্টেক ও আইসক্রিম ইত্যাদি অর্ডার করতেন। এভাবে তার কারণে প্রতিষ্ঠানের প্রায় ২৪ হাজার মার্কিন ডলার ক্ষতি হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, নকল নাম-ঠিকানা দিয়ে হিগাশিমোতো মোট ১২৪টি ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেছিলেন। এসব অ্যাকাউন্টের জন্য তিনি ভুয়া পরিচয়ে প্রিপেইড মোবাইল সিম কিনে দ্রুত বাতিল করতেন, যেন তাকে শনাক্ত করা না যায়।
সবশেষ ৩০ জুলাই তিনি নতুন একটি অ্যাকাউন্ট খুলে আইসক্রিম, বেন্টো ও চিকেন স্টেক অর্ডার দেন। খাবারটি ডেলিভারি হওয়ার পরও তিনি অ্যাপের চ্যাট ফিচারে দাবি করেন যে কিছুই পাননি এবং সেদিনই ১০৫ ডলার ফেরত পান।
ধরা খাওয়ার পর পুলিশকে দেওয়া জবানবন্দিতে তিনি বলেন, প্রথমে কৌতূহলবশত এসব করেছিলাম। পরে আর থামতে পারিনি।
ঘটনার পর দেমায়ে-কান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিচয় যাচাই ব্যবস্থা উন্নত এবং অস্বাভাবিক লেনদেন শনাক্তে বাড়তি সতর্কতা চালু করবে।
স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ভাইরাল হয়েছে। এক ব্যবহারকারী লিখেছেন, প্ল্যাটফর্মের রিটার্ন পলিসিতে পরিবর্তন আনা দরকার। গ্রাহকদের প্রতি অতি নমনীয়তা দেখানো হচ্ছে।
অন্য এক ব্যবহারকারী বলেন, লোকটি বুদ্ধিমান বটে—এতগুলো অ্যাকাউন্ট খুলে অ্যাপকে বোকা বানাতে গেলে পরিশ্রমও করতে হয়।
তথ্যসূত্র: এনডিটিভি