নিরাপদ অভিবাসন ও মানুষের গতিশীলতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সংলাপ জোরদার করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর মাধ্যমে বাংলাদেশে এশীয় ভাষায় আত্মপ্রকাশ করতে যাচ্ছে প্রখ্যাত মোবাইল সিনেমা ক্যারাভান ‘সিনেমএরিনা’। ২০১৮ সাল থেকে, এই ইন্টারেক্টিভ গণযোগাযোগ প্রচারাভিযানের তিনটি রাউন্ড আফ্রিকাজুড়ে পরিচালিত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় আইওএম।
ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের (এমএইসিআই) সহায়তায় আইওএম ১৩ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত প্রচারাভিযানের বাংলাদেশ পর্ব বাস্তবায়ন করবে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিএমও) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্বে এই উদ্যোগ পরিচালিত হবে বলে জানায় আইওএম।
‘সিনেমএরিনা’ মাদারীপুর, ফরিদপুর এবং শরীয়তপুর ভ্রমণ করবে এবং চলচ্চিত্র প্রদর্শন, থিয়েটার পারফরম্যান্স, সংগীত শো, কর্মশালা ও ইন্টারেক্টিভ কমিউনিটি আলোচনা প্রদর্শন করবে। এটি দেশের ১৩টি পৌরসভা এবং প্রায় ৪৮০টি গ্রামে পৌঁছাবে। এটি যুব সম্প্রদায় এবং স্থানীয় বাসিন্দাদের জন্য অনিয়মিত অভিবাসনের ঝুঁকি তুলে ধরতে এবং দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা ও নিরাপদ অভিবাসনের পথের সুযোগগুলো অন্বেষণ করার জন্য প্রাণবন্ত কমিউনিটি স্পেস তৈরি করবে বলে মনে করে আইওএম।
২০০২ সালে ইতালিয়ান কো-অপারেশন দ্বারা প্রথম প্রবর্তিত, ‘সিনেমএরিনা’ মূলত সামাজিক এবং স্বাস্থ্য বিষয়গুলোতে মনোনিবেশ করেছিল। ২০১৮ সাল থেকে আইওএমের সঙ্গে অংশীদারত্বে অনিয়মিত অভিবাসনের ঝুঁকির ওপর আলোকপাত এবং জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়াকে উৎসাহিত করেছে।
গত সাত বছরে সিনেমএরিনা- সেনেগাল, আইভরি কোস্ট, গিনি, গাম্বিয়া, নাইজেরিয়া এবং তিউনিসিয়া ভ্রমণ করেছে। এটি ৬৭০টিরও বেশি সচেতনতা ইভেন্টের আয়োজন করেছে এবং ২ লাখ ৪৩ হাজারেরও বেশি অংশগ্রহণকারীর কাছে পৌঁছেছে।
এই প্রচারাভিযানটি শহর এবং গ্রামাঞ্চলে চলচ্চিত্র, থিয়েটার পারফরম্যান্স, মিউজিক্যাল শো, কর্মশালা ও সম্প্রদায় আলোচনার মাধ্যমে শক্তিশালী বার্তা সরবরাহ করে।
বাংলাদেশে আইওএমের চিফ অব মিশন ল্যান্স বোনিউ বলেন, ‘নিরাপদে ও মর্যাদার সঙ্গে যখন অভিবাসন হয় তখন তা উন্নয়নের একটি শক্তিশালী চালিকাশক্তি। সিনেমএরিনা এই গুরুত্বপূর্ণ কথোপকথনগুলো সরাসরি কমিউনিটির কাছে আনার জন্য একটি সৃজনশীল উপায় সরবরাহ এবং মানুষকে তাদের ভবিষ্যত সম্পর্কে তথ্যবহুল সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আফ্রিকায় পরিচালিত প্রচারাভিযান থেকে এটি সম্পূর্ণ আলাদা প্রেক্ষাপটে তৈরি।’
আইওএমের ভূমধ্যসাগরীয় সমন্বয় অফিসের পরিচালক সালভাতোর সোরটিনো বলেন, ‘আইওএম হিসেবে আমরা সুযোগে ভরা একটি দেশে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করতে পেরে আনন্দিত। এর মাধ্যমে ইতিবাচক বার্তা প্রচার এবং অভিবাসন নিয়ে আলোচনা ও বিনিময় বাড়ানো যায়।’
সুশীল সমাজকে সম্পৃক্ত করে, ক্ষুদ্র ব্যবসা ও তরুণ শিল্পীদের সমর্থন করে এবং দায়িত্বশীল প্রচারের মাধ্যমে সিনেমএরিনা দেশে নিরাপদ, নিয়মিত ও মর্যাদাপূর্ণ অভিবাসনের দিকে সম্মিলিত পদক্ষেপকে অনুপ্রাণিত করতে চায় বলেও জানায় আইওএম।