অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে সেবা খাতে সাধারণ মানুষকে অনেক হয়রানি করা হয়। এসব জায়গায় মানুষ সেবা নিতে গেলে তাদের অকারণে আজ না কাল বলে ঘোরানো হয়।
রবিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনলাইনে আয়কার রিটার্ন দাখিল সহজ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) সফটওয়্যার উদ্বোধনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে এনবিআর।
অর্থ উপদেষ্টা বলেন, মানুষ উন্নত সেবা চায়। ভালো সেবা চায়। এর জন্য তারা কেউ কেউ সেবার মূল্য দিতেও আপত্তি করে না।
তিনি বলেন, আমরা মানুষের জন্য কিছু করে যেতে চাই। কারণ, নির্বাচনের পরে যে সরকার আসবে তাকে সবকিছু বুঝতে সময় লাগবে। তার ওপর আবার সদিচ্ছার বিষয়টিও রয়েছে। এগুলোর মধ্যে যদি কিছুটা বাংলাদেশের মানুষদের আমরা আশার আলো দেখাতে পারি।
সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি এনবিআর চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলাম, আমরা যে এতাকিছু করছি, তার সুফল কি দেখে যেতে পারবো? কারণ, আমাদের ফেব্রুয়ারি মাসের পরে চলে যেতে হবে, এর আগে কিছুটা হলেও দেখে যেতে পারবো কিনা?
উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা তো প্রায়ই আমাকে বলেন, কিছু কিছু ক্ষেত্রে আমরা কন্ট্রিবিউট করে যাই।
টিআরএমএস পুরো প্রক্রিয়া দেশে হওয়ায় সবাইকে সাধুবাদ জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এসব কাজে বিদেশি প্রতিষ্ঠান নিয়োগ করার অভ্যাসটা বেশি হয়ে গেছে। বাইরে থেকে যারা আসে তারা আবার তাদের দেশের সরঞ্জাম বিক্রির চেষ্টা করে।
উপদেষ্টা বলেন, ব্যক্তি পর্যায়ে বা কোম্পানি পর্যায়ে ছাড়াও যারা কর সংগ্রহ করবে তাদের জন্য টিআরএমএস প্রক্রিয়া সুবিধা। সংগ্রহ করতে গেলে কত রকমের কাগজপত্রে লিখতে হয়। পরে কিন্তু তা অনেকটাই থ্যাংকসলেস হয়।