দেশের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে, রাজপথে কর্মসূচি অহেতুক চাপ: মির্জা ফখরুল

দেশের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে, রাজপথে কর্মসূচি অহেতুক চাপ: মির্জা ফখরুল

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে, সেটা ঐক্যবদ্ধভাবে। দেশের সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে নিজেদেরই। সেটা সবার সমন্বিত প্রচেষ্টায় রাজনীতিকদের নিতে হবে। বাংলাদেশের সিদ্ধান্তগুলো আগেও দেশের মানুষ নিয়েছে, এবারও নেবে। বাইরের সিদ্ধান্তের কোনও প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি করা, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। রাজপথে আসলেই সমাধান হবে কিনা এমন প্রশ্ন করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ বিষয়ে কোনও সন্দেহ নাই। বিএনপি এখন পর্যন্ত ৫ আগস্ট থেকে কোনও ইস্যুতে রাজপথে আসেনি। আলোচনার মধ্য দিয়েই সব সমস্যা সমাধানের করতে চাচ্ছি। আমার বিশ্বাস, এগুলো আলোচনার মাধ্যমেই শেষ হবে। বিএনপি সবসময় আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে বলে বিশ্বাস করে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি পিআরের পক্ষে নয়। বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নাই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, অনেক বিষয় নিয়ে বিএনপি একমত হয়েছে, সে বিষয়গুলো সামনে আনলে হয়। একটা বিষয় পরিষ্কার, যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে তা জনগণের সমর্থনে আসে। পার্লামেন্ট সংবিধান পরিবর্তন করতে পারবে, সংশোধনী করতে পারবে, সেখানেই সেটা সম্ভব।

তিনি বলেন, আমরা আগেও বলেছি, কোনও রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি।

জাতিসংঘে যাওয়া নিয়ে ফখরুল বলেন, ফরেন মিনিস্ট্রি ও ড. ইউনূসের সঙ্গে এখনও কথা হয়নি জাতিসংঘ সফর নিয়ে, সেখানে কী ভূমিকা হবে জানি না, কথা হয়নি এখনও। তবে দেশের সম্পর্কে, গণতন্ত্র উত্তরণ নিয়ে কথা হবে, উন্নয়নের বিষয়ে প্রাধান্য পাবে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin