দগ্ধ ফায়ার ফাইটারদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক

দগ্ধ ফায়ার ফাইটারদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক

টঙ্গীর কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার ফাইটারদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ঢাকায় এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. চং সি জ্যাক।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকায় পৌঁছান তিনি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান এবং রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের পরিচালক ও চিকিৎসক দলের সঙ্গে বৈঠক করেন।

আহতদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ এই চিকিৎসক।

বৈঠকের আগে ডা. চং সি জ্যাক হাসপাতালের পরিচালককে সঙ্গে নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক মো. সায়েদুর রহমানের সঙ্গে মতবিনিময় করেন।

পরে তিনি চিকিৎসাধীন আহতদের শয্যাপাশে গিয়ে পরিদর্শন করেন।

এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাইলস্টোন স্কুল দুর্ঘটনার পর সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসক দলের সদস্য হিসেবেও ডা. চং সি জ্যাক দায়িত্ব পালন করেছিলেন।

টিটি/এনএইচআর

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin