ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার বান্ধবীকে আটকে রেখে মারধরের মামলায় জামিন পেয়েছেন বেসরকারি ছাত্রীনিবাস ‘স্বপ্ননিবাস হোস্টেল’র পরিচালক রাজিয়া বেগম।
আসামিপক্ষের আবেদনের শুনানি নিয়ে রবিবার (১২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান জামিনের আদেশ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ওই আবাসিক শিক্ষার্থী স্বপ্ননিবাস হোস্টেলে গিয়েছিলেন তেজগাঁও কলেজছাত্রীর অতিথি হিসেবে। তাদের মারধরের অভিযোগে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে তেজগাঁও কলেজের পাশে ‘স্বপ্ননিবাস হোস্টেল’ থেকে পরিচালক রাজিয়া বেগমকে আটক করা হয়। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা করেন ওই ছাত্রীর বান্ধবী তেজগাঁও কলেজের আরেক ছাত্রী। মামলা দায়েরের পর রাজিয়াকে মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে ফার্মগেটের ইন্দিরা রোড এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন বৃহস্পতিবার (৯ অক্টোবর) ধার্য করা হয়। বৃহস্পতিবার আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রবিবার ধার্য করেন। এদিন শুনানিকালে রাজিয়া বেগমকে আদালতে হাজির করা হয়। তারপক্ষে অ্যাডভোকেট রহিম মিয়া জামিন চেয়ে শুনানি করেন। এসময় তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শর্মিলা শর্মা এবং রাহুল দ্রাবিড় শর্মা।
আদালত শুনানি নিয়ে এক হাজার টাকা মুচলেকায় আগামী ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন বলে জানান অ্যাডভোকেট শর্মিলা শর্মা।
মামলায় অভিযোগ করা হয়, ‘স্বপ্ননিবাস হোস্টেলে’ অতিথি থাকলে অতিরিক্ত টাকা দিতে হবে, এ বিষয়টি হোস্টেলটিতে থাকা তেজগাঁও কলেজ ছাত্রীকে জানানো হয়নি। মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তার এক বান্ধবী গেলে ভাড়াবাবদ ৪০০ টাকা দাবি করা হয়। এ নিয়ে হোস্টেলটির পরিচালক রাজিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। ফোন পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর ভাই তাকে আনতে গেলে ওই ছাত্রীকে আটকে রাখা হয়। তখন ফের বিতণ্ডার একপর্যায়ে দুই ছাত্রীকে মারধর ও ৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।