ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় শিবচরের ২ ছাত্রদল নেতা নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় শিবচরের ২ ছাত্রদল নেতা নিহত

মাদারীপুর: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ট্রাকের চাপায় মাদারীপুর জেলার শিবচর পৌরসভা ছাত্রদলের দুই নেতা নিহত হয়েছেন।  

সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমেদ রোমান (৩২) ও মুজিবুল হক দুর্জয়  (৩২)। তারা ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।  

তাদের মৃত্যুতে শিবচর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, শিবচর উপজেলা ছাত্রদল নেতা দুই বন্ধু রোমান ও দুর্জয় সোমবার সকালে মোটরসাইকেল মেরামত করার উদ্দেশ্যে ঢাকা যান। মোটরসাইকেল মেরামত শেষে তারা শিবচর ফিরছিলেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিক মোটরসাইকেলটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় এলে একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।  

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ বাড়িতে পৌঁছালে শোকের মাতম শুরু হয়। নিহত রোমান উপজেলার মৃধাকান্দি গ্রামের তোতা মৃধার ছেলে ও দুর্জয় পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শামসুল আলমের ছেলে।

শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ জানিয়েছেন, নিহত দুই যুবক তার বন্ধু। তাদের মধ্যে আহমেদ রোমান শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দুর্জয় পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী। মঙ্গলবার সকাল ১০টায় নিহত রোমানের জানাজা শেষে তার নিজ বাড়ি নলগোড়ার মৃধাকান্দিতে দাফন করা হয়েছে এবং মুজিবুল হক দুর্জয়ের জানাজা বাদ জোহর বাহাদুরপুর পীর মঞ্জিলের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin