ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের অর্থায়নকারীসহ গ্রেফতার ৬

ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের অর্থায়নকারীসহ গ্রেফতার ৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ঝটিকা মিছিলের অর্থায়নকারীও রয়েছেন। আওয়ামী লীগের কর্মীদের উদ্বুদ্ধ করতে অর্থায়ন করা হয় ঝটিকা মিছিলে।

গ্রেফতাররা হলেন- আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আব্দুল্লাহর ঘনিষ্ঠ সহচর উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. কামাল হোসেন (৪৮), কদমতলী ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী মো. মনির হোসেন (৪৬), আওয়ামী লীগ কর্মী মো. জামাল হোসেন (৪০), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. রনি (৩৫), নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু (৬৪) এবং গাজীপুর ১ নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হাইমচর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান গাজী (৬২)।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, ২১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে রাজধানীর বেইলি রোড থেকে কামাল হোসেনকে ও রাত সাড়ে ১০টায় জুরাইন এলাকা থেকে মনির হোসেনকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। একইদিন রাত সাড়ে ১১টায় ধানমন্ডি এলাকা থেকে আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম।

একইদিন সন্ধ্যা ৬টার দিকে রনিকে চকবাজার থানা এলাকা অন্যদিকে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে একই স্থান থেকে মোহাম্মদ হাবিবুর রহমান গাজীকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের টিম।

রোববার দিনগত রাত ১টা ২৫ মিনিটের দিকে অন্য এক অভিযানে বনশ্রী ডি ব্লক এলাকা থেকে জামাল হোসেনকে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি আভিযানিক টিম।

গ্রেফতারদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল আয়োজন, অর্থায়ন ও লোক সরবরাহের অভিযোগ রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

টিটি/এমআইএইচএস/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin