ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম, একজনের মৃত্যু

ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম, একজনের মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন নোয়াখালীর সেনবাগের কাতার প্রবাসীর স্ত্রী মোকসেদা আক্তার প্রিয়া (২৩)। জন্মের পরপরই একটি নবজাতক মারা গেছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিনি তিন ছেলে ও তিন মেয়ে সন্তানের জন্ম দেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, মাত্র ২৭ সপ্তাহে প্রসব হওয়ায় এবং নবজাতকদের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক গাইনি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. তাসনুবা শারমিন জানান, ‘একটি শিশুর স্বাভাবিক ওজন থাকে আড়াই কেজির মতো। কিন্তু এই ৬ নবজাতকের ওজন ৬০০ গ্রাম থেকে ৯০০ গ্রামের মধ্যে। ফলে তারা সবাই অপরিপক্ব অবস্থায় জন্ম নিয়েছে। তাদের রাখা হয়েছে নবজাতক আইসিইউতে।’

চিকিৎসক সূত্রে জানা গেছে, জন্মের কিছুক্ষণ পর একটি (পুত্র) নবজাতক মারা যায়। বাকি পাঁচ নবজাতকের মধ্যে দুজন ঢামেক হাসপাতালের নবজাতক আইসিইউতে এবং সিট সংকটের কারণে তিনজনকে রাজধানীর আরেকটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। সিট খালি হলে তাদের ঢামেকে ফিরিয়ে আনা হবে।

নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের কাতার প্রবাসী মো. হানিফের স্ত্রী মোকসেদা আক্তার প্রিয়া। স্বামীর বোন লিপি বেগম জানান, গত ৯ সেপ্টেম্বর মোকসেদা চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তার বাসায় আসেন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা হয়। শনিবার রাতে ব্যথা শুরু হলে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

লিপি আরও জানান, ‘দুই বছর আগে তার একটি ছেলে সন্তান হয়েছিল। জন্মের তিন দিন পর সেটি মারা যায়।’

চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin