ধীরাশ্রমে ডাকাতির ৪৮ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করলো সিআইডি

ধীরাশ্রমে ডাকাতির ৪৮ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করলো সিআইডি

গাজীপুর নগরের ধীরাশ্রম এলাকায় সংঘটিত বড় ধরনের ডাকাতির ঘটনার প্রধান আসামি ও ডাকাত দলের সর্দার মনিরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া ৬ নম্বর রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

সিআইডি জানায়, গত ২ অক্টোবর গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় মো. আব্দুল সোবহানের বাড়িতে সংঘটিত ওই ডাকাতির ঘটনায় ৪৮ ঘণ্টারও কম সময়ে ঘটনার রহস্য উদঘাটন ও মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই রাতে ডাকাত দল ধারালো রামদা, চাপাতি, কিরিচ, ছোরা, লোহার রড ও বড় আকারের কাটারসহ সজ্জিত অবস্থায় বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে রেখে প্রায় আধা ঘণ্টা ধরে লুটপাট চালায়। এ সময় স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ প্রায় ২২ লাখ ৭৬ হাজার টাকার মালামাল লুট করে নেয়। ডাকাতরা বাড়ির কয়েকজন সদস্য ও ভাড়াটিয়াকে মারধরও করে।

এ ঘটনার পর গাজীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলা দ্রুতই সিআইডির অধীনে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

অভিযানকালে মনিরের কাছ থেকে একটি লুণ্ঠিত মোবাইল ফোন, ছয়টি ককটেল, ডাকাতির কাজে ব্যবহৃত ১১টি টর্চলাইট ও একটি কাটার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির ডাকাতির ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।

সিআইডি জানায়, গ্রেফতার মনিরের বিরুদ্ধে এর আগেও দুটি মামলা রয়েছে— একটি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় এবং অন্যটি ডিএমপি সবুজবাগ থানায়।

সিআইডি জানিয়েছে, মনিরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ ও তার সহযোগীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

সংগঠিত অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো সর্বদা সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin